রাজধানী উত্তরায় ৪৮ ঘণ্টা ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক কে. এম মামুনুর রশিদ নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
আজ বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই দাবি করেন হাসনাত।
পোস্টে হাসনাত লিখেছেন, ‘গত ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে উত্তরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক কে. এম. মামুনুর রশিদ রাজধানীর উত্তরা এলাকা থেকে নিখোঁজ রয়েছেন। বিষয়টি একইসাথে চরম উদ্বেগজনক ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করছে।’
৫ আগস্ট-পরবর্তী সময়ের প্রেক্ষাপটে এ ধরনের ঘটনা সম্ভবত এই প্রথম বলেও পোস্টে দাবি করেন হাসনাত।
হাসনাত লিখেছেন, ‘একজন নাগরিক হিসেবে রাষ্ট্র যেখানে ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে, সেখানে ঘটনার দ্রুত ও সুষ্ঠু তদন্তে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চরম গাফিলতি স্পষ্টভাবে দেখা হচ্ছে।’
রাজনীতিতে পুরনো ভয়ের সংস্কৃতি ফেরার আশঙ্কা নিয়ে হাসনাত লিখেছেন, ‘এমন সংকটময় পরিস্থিতিতে গণমাধ্যমের নীরব ভূমিকায় আমি গভীরভাবে শঙ্কিত। এই নিরবতা নতুন করে রাজনীতিতে পুরনো ভয়ের সংস্কৃতি ও নিপীড়নের পরিবেশ ফিরিয়ে আনার আশঙ্কা সৃষ্টি করছে।’

