সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি জামায়াতে ইসলামীর সাংগঠনিক দক্ষতা ও প্রযুক্তিগত শক্তির প্রশংসা করে বলেছেন, বাংলাদেশে এই মুহূর্তে জামায়াতে ইসলামী রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে অত্যন্ত প্রভাবশালী এবং তাদের সঞ্চালন ব্যবস্থা বিদ্যুতের লাইনের মতো শক্তিশালী। তিনি জানান, জামায়াতের নির্দেশনা ঢাকা থেকে অজপাড়াগাঁয়ে এক সেকেন্ডে পৌঁছে যায় এবং ১০ সেকেন্ডের মধ্যে তার বাস্তবায়ন শুরু হয়।
নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওবার্তায় রনি বলেন, “বাংলাদেশে এই মুহূর্তে জামায়াতে ইসলামী রাজনীতির ভেতরে এবং বাইরে গিজগিজ করছে। তাদের প্রভাব এবং প্রতিপত্তি এমন যে, যেভাবে বিদ্যুতের লাইন টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সঞ্চালিত হয়, তেমনি এই রাজনৈতিক দলটির সঞ্চালন লাইন অনেক শক্তিশালী। ঢাকা থেকে কোনো হুকুম দেওয়া হলে, অজপাড়ায় এক সেকেন্ডের মধ্যে সেটা পৌঁছে যায় এবং ১০ সেকেন্ডের মধ্যে তার কার্যক্রম শুরু হয়।”
তিনি আরও বলেন, জামায়াতের সাংগঠনিক দক্ষতা ও প্রযুক্তি ব্যবহারে অন্যান্য রাজনৈতিক দলের তুলনায় অনেক এগিয়ে। “তারা যে দক্ষতা অর্জন করেছে, সেই প্রযুক্তির ধারে-কাছে আওয়ামী লীগ বা বিএনপির মতো প্রচলিত রাজনৈতিক দলগুলো যেতে পারেনি। প্রযুক্তির মাধ্যমে তারা শক্তিশালী নেটওয়ার্ক, ফিন্যান্সিয়াল সিস্টেম এবং ডাটাবেস তৈরি করেছে, যা দিয়ে তারা রাজনীতির হিসাব-নিকাশ পাল্টে দিতে পারে। এমন কল্পনা অন্য দলগুলোর নেই।”
রনি মনে করেন, আওয়ামী লীগ ও বিএনপি তাদের ঐতিহ্যবাহী আদর্শে আটকে আছে, যা ১০০ বছরের পুরনো চিন্তাধারার প্রতিফলন। তিনি বলেন, “ভোটের মাঠে জয়লাভের জন্য যে কৌশল প্রয়োজন, সেখানে তারা পিছিয়ে আছে। অন্যদিকে, জামায়াত তাদের আধ্যাত্মিক নেতা মাওলানা মওদুদী ও গোলাম আজমকে হৃদয়ে ধারণ করলেও প্রযুক্তির ক্ষেত্রে তারা ইলন মাস্ক, মার্ক জাকারবার্গ, স্টিভ জবস, জ্যাক মা বা জেফ বেজোসের মতো আধুনিক প্রযুক্তিবিদদের কৌশল অনুসরণ করছে।”
তিনি জামায়াতের বিশ্বব্যাপী নেটওয়ার্ক এবং প্রযুক্তির ব্যবহারের প্রশংসা করে বলেন, “তারা যেখানে যাকে প্রয়োজন, সেখানে তাকে কাজে লাগাচ্ছে। প্রয়োজনীয় ব্যক্তির মাধ্যমে তারা তাদের বক্তব্য প্রচার করছে এবং একজনের পেছনে আরেকজনকে লাগিয়ে দিচ্ছে। এআই এবং প্রযুক্তির ব্যবহারে তারা অত্যন্ত দক্ষ।”
রনি উদাহরণ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের কথা উল্লেখ করেন। তিনি বলেন, “এই নির্বাচনগুলোতে জামায়াতের প্রভাব স্পষ্ট। তারা প্রযুক্তি ও কৌশলের মাধ্যমে সর্বত্র তাদের বিপ্লব চালিয়ে যাচ্ছে।”
জামায়াতের এই শক্তিশালী সঞ্চালন ও প্রযুক্তিগত দক্ষতা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন গতিপ্রকৃতি তৈরি করছে বলে মনে করেন রনি। তবে তিনি এও সতর্ক করে বলেন, অন্যান্য দলের এই প্রযুক্তিগত উৎকর্ষের সঙ্গে তাল মেলানোর সক্ষমতা বাড়ানো প্রয়োজন।

