‘আইডিয়াল ম্যারেজ ব্যুরো’র প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাসেমীর বিরুদ্ধে তার তৃতীয় স্ত্রী পরিচয়ে এক নারী গুরুতর অভিযোগ করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে ‘তামান্না হাতুন’ নামের একটি ফেসবুক আইডি থেকে এ অভিযোগ করা হয়, যা প্রকাশ্যে আসার পর ‘চুক্তিভিত্তিক বিয়ে’র মতো বিষয়গুলোও সামনে এসেছে।
অভিযোগে ওই নারী দাবি করেছেন, তাকে তালাক দেওয়ার পরেও কাসেমী তার সঙ্গে ঘনিষ্ট হন এবং এর ফলস্বরূপ তিনি অন্তঃসত্ত্বা হন। এরপর তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।
ফেসবুক পোস্টে ওই নারী বলেন, \"আমি মুফতি মামুনুর রশিদ কাসেমীর তৃতীয় নম্বর স্ত্রী। গত এক বছর যাবত তার সঙ্গে আমার মৌখিক বিবাহের মাধ্যমে সংসার করি। দশ হাজার টাকা কাবিন দিয়ে। তা নিয়ে আমার কোনো সমস্যা নেই।\"
তিনি আরও বলেন, \"Ideal Marriage Bureau-IMB এর মাধ্যমে মেয়েদেরকে সংসার দিবে, সেটা ওরা ওয়াদা করে। তাদের দুঃখ কষ্ট তারা দেখবে। কিন্তু এইসবের পিছনে তারা সেইসব নারীদেরকে এক মাসে দুই মাসের জন্য কন্টাক্টে বিয়ে দেয়, কিছু কিছু বড়লোক লোকের সঙ্গে। তারা যখন তাকে ছেড়ে দেয় তখন প্রশ্ন করলে বলে, ‘বউ বেশি তর্ক করে তাই ছেড়ে দিয়েছি।’ একদিক দিয়ে মহিলাদেরকে ঘর সংসার দিবে বলে, আরেকদিকে ইচ্ছাকৃতভাবে মহিলাদেরকে ব্যবহার করে, তাদের সংসার নষ্ট করার পরিকল্পনা করে।\"
ওই নারী অভিযোগ করেন, এসব নিয়ে তর্ক করতে গেলে তার সঙ্গে ঝামেলা হয় এবং একপর্যায়ে মুখে তালাক দেওয়া হয়। এরপরও তিনি আশায় ছিলেন যে সংসার ঠিক হয়ে যাবে। তালাক হওয়ার পরেও কাসেমী তার সঙ্গে অবৈধভাবে মেলামেশা করেন এই বলে যে, তিনি সবকিছু ঠিক করে নিবেন। এ সময় ওই নারীর গর্ভে একটি সন্তান আসে।
গর্ভে বাচ্চা আসার পরের ঘটনা বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, \"বাচ্চা আসার আগে সে আমাকে ঘর থেকে বের করে দেয় এবং আমি আমার মামার বাসায় যাই। কয়দিন পর আমি যখন ডক্টরের কাছে যাই, তখন এই খবর পাই যে আমি গর্ভবতী এবং সেটা আমি তাকে জানাই। সে আমাকে বলে, ‘এটা অবৈধ সন্তান এটা পৃথিবীতে আসলে তোমার আর আমার জন্য ক্ষতিকর। আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই বাচ্চা ফেলে দাও, আমি সবকিছু ঠিক করে ফেলব।’ সে আর তার দুলাভাইয়ের প্রথম স্ত্রী আমাকে জোর করব সে ওষুধটি খাওয়ায়।\"
বাচ্চা নষ্ট হওয়ার তিনদিন পর কাসেমী কুষ্টিয়াতে গিয়ে একটি ১৩ বছরের মেয়েকে বিয়ে করেন বলে অভিযোগ করেছেন ওই নারী। তিনি জানান, ১৪/১০/২০২৫ তারিখে তিনি কাসেমীর বিরুদ্ধে একটি মামলা জমা দিয়েছেন।
তিনি আরও বলেন, তার সৎ বাবা ইমাম উদ্দিন তার মাকে হুমকি দেন যে, তার মেয়ে যদি অনলাইনে এসে তাদের বিরুদ্ধে কথা বলে, তাহলে তিনি তার মাকে তালাক দিয়ে দিবেন।
শেষে তিনি বলেন, \"আপনারা যতটুকু জানেন আমি এই আইডি থেকে সব পজিটিভ পোস্ট করতাম ওদেরকে নিয়ে। এবং অনেক মা বোন এসেছেন এবং আমার সঙ্গে কথা বলেছেন। একটা সময় মনে হতো আমি সবথেকে ভালো কাজের সঙ্গে যুক্ত আছি। কিন্তু এখন মনে হচ্ছে পৃথিবীর সবথেকে নিকৃষ্ট কাজের সঙ্গে আমি যুক্ত আছি। আমি চাইলেই আমার জীবন নতুন করে শুরু করতে পারতাম। কিন্তু ওদেরকে না থামাইলে, মহিলাদের সঙ্গে ওরা এরকমই প্রতারণা করবে।\"
এদিকে, মুফতি কাসেমী তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে দাবি করেছেন, সে যেই মিথ্যা মামলা করেছে, সেটা নিয়ে তিনি বিস্তারিত প্রশাসনের সাথে কথা বলবেন।
উল্লেখ্য, সম্প্রতি ইসলামী বক্তা আবু ত্বহা মোহাম্মদ আদনানকে নিয়েও তার স্ত্রী সাবিকুন নাহার অন্য নারীর সঙ্গে কথোপকথন, তাকে মারধরসহ বিভিন্ন গুরুতর অভিযোগ করেন।

