রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি মন্তব্য করেছেন যে, বাংলাদেশে এখন সবকিছু ‘গডফাদার কেন্দ্রিক’ হয়ে গেছে। তিনি বলেন, সমাজে একজন কতটা প্রভাবশালী তা নির্ভর করে তার মাথার ওপর কার ছায়া আছে, কার সঙ্গে তার সম্পর্ক ভালো এবং আত্মীয়তা আছে। তার মতে, বর্তমানে নিজস্ব জ্ঞান, প্রযুক্তি, যোগ্যতা বা শিক্ষার ওপর কোনো কিছুই নির্ভর করে না। রনি বলেন, \"হতে পারেন আপনি বড় একজন ডিসি, ডাজ নট ম্যাটার। দল করেন কোনটা? এভাবে রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি সবকিছুর মধ্যে কুপ্রথা চালু হয়েছে। ফলে এখন ২০২৫ সনের অক্টোবর, এই মাসটি আমাদের জন্য একটি জঘন্য সময় হয়ে পড়েছে।\"
নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া ভিডিওতে তিনি এসব কথা বলেন।
ঐতিহাসিক প্রেক্ষাপট ও বৈদেশিক সম্পর্ক:
রনি তার বিশ্লেষণে বলেন, একটা সময় আমাদের দেশে অনেককে সিআইএ-এর এজেন্ট বলা হতো, যেমন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। আরেকটি গ্রুপকে কেজিবির এজেন্ট (রাশিয়ার) বলা হতো, বিশেষ করে বামপন্থী রাজনীতিবিদদের। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে পিকিংপন্থী হিসেবে মনে করা হতো। বঙ্গবন্ধুকে মনে করা হতো ভারতের দালাল।
তিনি বলেন, ৭০-এর দশকে আওয়ামী লীগ, বাকশাল, বঙ্গবন্ধু, তাজউদ্দিন সবাই দিল্লির লোক হিসেবে বিবেচিত হতেন, আর তাদের প্রতিপক্ষরা পাকিস্তানের লোক। তবে ৮০-এর দশকে এরশাদ সাহেব ক্ষমতায় আসার পর ভারত ও পাকিস্তানের বিষয়টি কিছুটা পেছনে চলে যায় এবং আমেরিকার বিষয়টি সামনে আসে। ওই সময় যারা নিজেদের সিআইএ এজেন্ট বা আমেরিকার দালাল পরিচয় দিতেন, সমাজে তাদের মান সম্মান বেড়ে যেত।
রনি এরশাদ সাহেবের বৈদেশিক নীতির প্রশংসা করে বলেন, \"এরশাদ সাহেব সবার সঙ্গে সম্পর্ক ভালো রাখতেন এবং তার চমৎকার সম্পর্ক ছিল মূলত ভারতের সঙ্গে। কিন্তু ভারতের সঙ্গে সম্পর্ক রাখার পরেও আমেরিকার দালাল রূপে বা আমেরিকার বন্ধুর রূপে তিনি রাষ্ট্রক্ষমতায় যে নৈপুণ্য দেখিয়েছেন এবং যেভাবে তিনি হোয়াইট হাউজে সম্মানিত হয়েছেন, পুরো আমেরিকার যে বলয়টিকে বাংলাদেশের পক্ষে রেখেছেন এটা স্বাধীন বাংলাদেশে দ্বিতীয় কেউ পারেনি।\"
তিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বৈদেশিক সম্পর্ক নিয়ে বলেন, \"খুব অল্প সময় পেয়েছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি মূলত সবার সঙ্গে সম্পর্ক রক্ষা করার চেষ্টা করেছেন। কিন্তু সৌদি আরব এবং চীন, এই দুটো রাষ্ট্র ছাড়া কৌশলগতভাবে আসলে তার সঙ্গে কারোরই সম্পর্ক হয়নি।\" রনি দৃঢ়তার সাথে বলেন যে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সঙ্গে পাকিস্তানের কোনো কালে কোনো সম্পর্ক ছিল না, বরং তিনি শুরু থেকেই পূর্ববঙ্গকে নিয়ে চিন্তা করতেন। এই ধ্রুব সত্যটি আওয়ামী লীগ যতদিন পর্যন্ত মানতে না পারবে এবং বিএনপি যতদিন পর্যন্ত এই জিনিসটা হৃদয়াঙ্গম করতে না পারবে, ততদিন পর্যন্ত বিএনপির রাজনীতি শক্তিশালী হবে না।
বর্তমান রাজনৈতিক দৃশ্যপট ও ‘গডফাদার’ প্রভাব:
রনি বর্তমান রাজনীতিতে ‘গডফাদার’ বা আন্তর্জাতিক সংযোগের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, \"আওয়ামী লীগের লোক যাই বলুক না কেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সঙ্গে পাকিস্তানের কোনো কালে কোনো সম্পর্ক ছিল না।\"
তিনি বর্তমান আওয়ামী লীগের বৈদেশিক সম্পর্ককে সমালোচনা করে বলেন, \"আওয়ামী লীগের সঙ্গে কিন্তু ভারত, ইমরান খান, কাতার, সৌদি আরব, মোহাম্মদ বিন সালমান, আমেরিকা, হিলারি ক্লিন্টন, জো বাইডেন, জন ক্যারি, বারাক ওবামা, বিল ক্লিন্টন, ড. ইউনূস সবাই বন্ধুত্ব করতে চেয়েছে। কেউ শত্রুতা করতে চায়নি। দুর্ভাগ্য আওয়ামী লীগ কারো সঙ্গে বন্ধুত্ব করতে পারেনি। নট ইভেন ভারত। আওয়ামী লীগের কোনো অপশন নেই ভারত ছাড়া। ভারতের কোনো অপশন নেই আওয়ামী লীগ ছাড়া। এজন্য তাদের মধ্যে একটা সম্পর্ক হচ্ছে।\"
রনি বলেন, \"বঙ্গবন্ধুর জমানা থেকে আজ অবধি ভারতের সঙ্গে কখনো কোনো আন্তরিকতা ছিল না। এর পুরোটাই একে অপরকে ব্যবহার করার, একে অপরের নিকট থেকে স্বার্থ হাসিল করার একটা উদ্দেশ্য ছিল।\"
তিনি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের আন্তর্জাতিক সংযোগের তুলনা করে বলেন, \"এখন হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মী ভারতে আছে। মানে আওয়ামী লীগের মাথার ওপর ভারত আছে। বাংলাদেশ থেকে পালিয়ে তারা ভারত যেতে পারবে। এরকম একটা ন্যারেটিভ আছে এবং ভারত আওয়ামী লীগের মুরুব্বি, এটা আপনি অস্বীকার করতে পারবেন না।\"
জামায়াতের আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে তিনি বলেন, \"জামাত জামাতের সঙ্গে পাকিস্তানের একটা ভালো সম্পর্ক আছে, এতে কোন অস্বীকার করার কিছুই নেই। তুরস্কের সঙ্গে একটা ভালো সম্পর্ক আছে। জামাতের মাথার ওপরে পাকিস্তান আছে, তুরস্ক আছে, এখন শক্তিশালী ড. মোহাম্মদ ইউনূস আছে, তার সঙ্গে ইউরোপ আছে, তার সঙ্গে আমেরিকার আছে।\"
বিএনপির আন্তর্জাতিক সংযোগের দুর্বলতা তুলে ধরে রনি বলেন, \"বিএনপির সঙ্গে কে আছে, তারেক রহমানের সাথে কে আছে? তারেক রহমান সাহেবের সাথে কি ব্রিটিশ প্রধানমন্ত্রীর কোন সম্পর্ক আছে? বিএনপির সঙ্গে কি পাকিস্তানের যে বর্তমান সেনাপ্রধান বা প্রধানমন্ত্রী, তাদের কারো সঙ্গে বিএনপির কোনো নেতার সম্পর্ক আছে?\"
তিনি আওয়ামী লীগের পারিবারিক ও ব্যক্তিগত আন্তর্জাতিক সম্পর্কের উদাহরণ দেন, যেমন শেখ হাসিনার সঙ্গে ম্যাক্রোঁর সম্পর্ক, মোদির কথা এবং পারিবারিক দিক থেকে ভুট্টো ও গান্ধী পরিবারের সঙ্গে সম্পর্ক। জয়ের স্ত্রী বা শেখ রেহানার ছেলে ববির আন্তর্জাতিক সংযোগের কথাও উল্লেখ করেন।
রনি বলেন, \"সেই দিক থেকে ড. মোহাম্মদ ইউনূস বলেন, শেখ হাসিনা বলেন, জামাত বলেন, সবারই মাথার ওপর ছায়া আছে। এটাকে আপনি গডফাদার বলেন, তাবেদার বলেন, যা কিছু বলেন না কেন সেটা তাদের আছে। বিএনপির কারা আছে?\" তিনি মাঝে মাঝে সামা ওবায়েত বা ড. মঈন খানের আমেরিকান দূতাবাসের সঙ্গে বৈঠক বা চীনা পলিটিক্যাল গ্রুপের সঙ্গে দেখা করার কথা উল্লেখ করেন, তবে এটিকে যথেষ্ট মনে করেন না।
শেষমেষ তিনি তারেক রহমানের প্রতি সরাসরি আহ্বান জানান, \"সেই দিক থেকে জনাব তারেক রহমান সাহেবের সেই পর্যায়ের আন্তর্জাতিক কানেক্টিভিটি লাগবে। গডফাদার লাগবে। মাথার ওপর ছায়া লাগবে, যা কি না বিএনপির প্রতিপক্ষের জন্য, তারেক রহমানের প্রতিপক্ষের জন্য রীতিমত একটা প্রেশার হিসেবে কাজ করবে।\"
তিনি বলেন, \"অনেক যোগ্য মানুষ আওয়ামী লীগ থেকে এসে বিএনপির হাল ধরেছে। বিএনপি থেকে কোনো লোক কিন্তু আওয়ামী লীগে ঢুকতেই পারেনি। আওয়ামী লীগের দরজা এভাবে বন্ধ। কাজেই এখানে আসলে পলিসিগতভাবে প্রতিপক্ষের যে জিনিসগুলো রয়েছে, সেই জিনিসগুলো যদি আপনার না থাকে তাহলে আপনি কি করে তাদের ওপর আধিপত্য বিস্তার করবেন?\"
রনি প্রশ্ন তোলেন, যেখানে জামায়াতের আমির ঘুরে বেড়াচ্ছে, শেখ হাসিনা সবকিছু তছনচ করে দিচ্ছেন, আর সেখানে বাংলাদেশ থেকে দলে দলে লোক আগামীতে নমিনেশন পাওয়ার জন্য লন্ডনে যাচ্ছে – এমনকি যারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচন করার যোগ্যতাও রাখে না। তিনি বলেন, \"একবারও ভাবছে না যে, রাজনীতিটা কি হবে? নেতা কেমন আছে? তার কি প্রয়োজন দেশে, কি প্রয়োজন দলের জন্য? তাহলে বাকি যারা রইলো, তারা কি রাজনীতি করবে? আপনার কি মনে হয় না সব এলোমেলো হয়ে গেছে?\"

