তারকাসমৃদ্ধ দল গড়েও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের গত আসরে চরমভাবে ব্যর্থ হয়েছিল মোহামেডান। এবারও তাদের শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। প্রথম পাঁচ ম্যাচে জয় ছিল না একটিও। তাতে টানা দ্বিতীয়বার শিরোপা নির্ধারণী সুপার লিগে ঐতিহ্যবাহী দলটি স্থান করে নিতে পারবে না বলেই শঙ্কা জেগেছিল। তবে জাতীয় দলের ব্যস্ততা শেষে সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, রনি তালুকদাররা ফেরার পর সেই মোহামেডানই হয়ে উঠেছে অপ্রতিরোধ্য। শেষ ছয় ম্যাচে জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে থেকে সুপার লিগে নাম তুলেছে দলটি। শেষ রাউন্ডে সোমবার শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে হারিয়ে তাদের সঙ্গী হয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্সও।
আগেই সুপার লিগে খেলা নিশ্চিত করে আবাহনী, শেখ জামাল, লিজেন্ডস অব রূপগঞ্জ এবং প্রাইম ব্যাংক। সোমবার তাদের সঙ্গী হয়েছে মোহামেডান আর গাজী ক্রিকেটার্স। ঈদের পর শিরোপার জন্য লড়বে এই ছয় দল। অপরদিকে রেলিগেশন এড়াতে লড়বে তলানীর তিন দল অগ্রণী ব্যাংক, শাইনপুকুর এবং ঢাকা লিওপার্ডস। ফতুল্লায় লিওপার্ডস ছিল মোহামেডানের প্রতিপক্ষ। আগে ব্যাট করতে নেমে মোহামেডান বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সুবিধা করে উঠতে পারেনি নবাগত দলটি। যদিও শুরুটা একেবারে মন্দ ছিল না। কিন্তু ৪৫ রানের উদ্বোধনী জুটি ভেঙে যাওয়ার পর দ্রুতই তিনটি উইকেট হারায় তারা। চতুর্থ উইকেটে ৬৬ রানের জুটিতে আশিকুর রহমান আর সাব্বির হোসেন প্রতিরোধের চেষ্টা চালান। কিন্তু লাভ হয়নি।
দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রানের ইনিংস খেলে আশিকুর বিদায় নেওয়ার ঠিক পরের ওভারেই সাজঘরে ফেরেন ৩৫ রান করা সাব্বিরও। এরপরও লিওপার্ডস ২২৮ রানের পুঁজি পেয়েছে মূলত অধিনায়ক সোহরাওয়ার্দী শুভর লড়াকু ৩৯ রানের ইনিংসে। কিন্তু সাদামাটা পুঁজি নিয়ে লড়াই জমাতে পারেনি দলটির বোলাররা। অধিনায়ক ইমরুল কায়েস (৫৮) এবং মাহিদুল ইসলাম অঙ্কনের হাফ সেঞ্চুরি, মোহাম্মদ আশরাফুল (২৭) এবং মিরাজের ব্যাটে ১৯ বল হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর ফেলে মোহামেডান। এই জয়ে ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে থেকে সুপার লিগ নিশ্চিত করে দলটি।
দলের এমন আনন্দের দিনটি আবার অঙ্কনের জন্য ছিল বিষাদময়। খুব কাছে গিয়েও যে সেঞ্চুরি পাননি। পাঁচটি চার আর তিনটি ছক্কার মারে ১২১ বল খেলে ৯৬ রানে আউট হন তিনি। অঙ্কন যখন আউট হন, জয় থেকে মোহামেডান তখন মাত্র ৭ রান দূরে। পরপর দুই বাউন্ডারিতে দূরত্বটা ঘুচিয়ে ফেলেন আরিফুল ইসলাম। অপর প্রান্তে তখন ৩৫ রানে অপরাজিত মিরাজ। এর আগে বল হাতেও ৩৮ রান খরচায় দুই উইকেট নেন তিনি। এরপরও অবশ্য ম্যাচসেরার খেতাব উঠেছে অঙ্কনের হাতে। বিকেএসপিতে শাইনপুকুরের বিপক্ষে গাজী ক্রিকেটার্সের ১৫৬ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন হাবিবুর রহমান সোহান। এদিন দুর্দান্ত ব্যাটিং প্রদর্শনীতে লিস্ট এ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি।
স্বভাবসুলভ মারকুটে ব্যাটিংয়ে ১৪টি চার এবং ৬টি ছক্কায় ৬৬ বলে ১০১ রানের ইনিংস খেলেন সোহান। তার সঙ্গে রবি তেজার ৯০ এবং মেহেরবের ৪৮ রানে ৩৩৩ রানের পাহাড়সম পুঁজি গড়ে গাজী ক্রিকেটার্স। সুপার লিগে জায়গা পেতে ম্যাচটি জিততে হবে, তাই আগে ব্যাট করা দলটির লক্ষ্যই ছিল বড় পুঁজি গড়া। জয়ের তাড়নরায় দলটির বোলাররাও নিজেদের নিংড়ে দিয়েছেন। তাই ১৭৭ রানেই অলআউট শাইনপুকুর। রান তাড়ায় শুরুটা ভালো না হলেও অমিত হাসানের ৪০ এবং তাহজিবুল ইসলামের ৬৯ রানের ইনিংসে ভর করে এক পর্যায়ে ৪ উইকেটে ১২৯ রান তুলে ফেলে দলটি। কিন্তু মোহাম্মদ এনামুল (৪/৪১) এবং মাহমুদুল হাসানের (৩/৩৪) বোলিংয়ে ৪৮ রানের ব্যবধানে শেষ ৬ উইকেট হারিয়ে অলআউট হয় তারা।
গাজী ক্রিকেটার্স হারলে সুপার লিগে খেলার সুযোগ ছিল রূপগঞ্জ টাইগার্সের। এ ক্ষেত্রে নিজেদের ম্যাচটিও জিততে হতো তাদের। দলটি জিতেছেও। মিরপুরে ব্রাদার্স ইউনিয়নকে ৫৬ রানে হারায় তারা। কিন্তু গাজী নিজেদের খেলায় জিতে যাওয়ায় এই জয়টা রূপগঞ্জের জন্য সান্ত্বনার হয়েই থেকেছে। মানিক খান পাঁচ উইকেট নিলেও অঙ্কিত বাউনের ৬৪, শামীম হোসেনের ৫৩ এবং আলাউদ্দিন বাবুর (চারটি চার ও সাতটি ছক্কায় ৪৫ বলে ৮১ রান) বিধ্বংসী ব্যাটিংয়ে ৩০৭ রানের বড় পুঁজি গড়ে রূপগঞ্জ। জবাবে ২৫১ রানে থামে ব্রাদার্স। দলের পক্ষে সর্বোচ্চ ৫২ রানের ইনিংস খেলেন আনিসুল ইসলাম ইমন। ৫১ রান করেন আরাফাত সানি জুনিয়র। এ ছাড়া ৪৩ রান আসে মিনহাজুল আবেদীনের ব্যাট থেকে।

