স্বপ্নে টাইটানিক সাজিয়েছিলেন নাসের আল খেলাইফি। কিলিয়ান এমবাপে, নেইমার এবং লিওনেল মেসিকে বাঁধেন এক সুতোয়। সেই সুতোয় টান পড়েছে। যেকোনো মুহূর্তে ছিড়তে পারে পিএসজির জনপ্রিয় ‘ত্রয়ী’। কেননা প্যারিসে ভক্তদের রোষানলে মেসি-নেইমার।
আর্জেন্টাইন-ব্রাজিলিয়ান তারকাকে সহ্য করতে পারছে না তারা। দুজনের বিদায় দাবিতে হামাঙ্গা করেছে ক্লাব গ্রাউন্ড পার্ক দেস প্রিন্সেসের সামনে। এমনকি অবস্থান নিয়েছিল প্যারিসে নেইমারের বাসভবনের সামনেও।
চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্নপূরণে পিএসজি প্রেসিডেন্ট আল খেলাইফি স্বপ্নের দল সাজান প্যারিসে। কিন্তু মুখ থুবড়ে পড়েছে তার বিগ প্রজেক্ট। যাদের পেছনে খরচ করছেন কোটি কোটি অর্থ, সেই মেসি-নেইমার পিএসজিকে স্বপ্নের শিরোপার ধারের কাছেও নিতে পারেনি। তার ওপর আবার ক্লাবের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন মেসি। ২০২১ সালের গ্রীষ্মে দুই বছরের চুক্তিতে বার্সেলোনা ছেড়ে প্যারিসে তরী ভেড়ান তিনি। রাখা হয় আরও এক বছর থেকে যাওয়ার অপশন।
বলা হচ্ছে, পিএসজি কর্তৃপক্ষ প্রস্তুত চুক্তি নবায়ন করতে। বসছেন না মেসি। তাই পুরোনো চুক্তি অনুযায়ী সামনের গ্রীষ্মে ফ্রি এজেন্ট বনে যাবেন ৩৫ বছর বয়সি ফরোয়ার্ড। তাই তাকে ফিরে পাওয়ার ইচ্ছে পোষণ করে রেখেছেন বার্সা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা। ৪০০ মিলিয়ন ইউরোর লোভনীয় প্রস্তাব দিয়ে রেখেছে সৌদি আরবের ক্লাব আল হিলাল। বর্তমান ক্লাবের সঙ্গে কাগজে-কলমে না বসে সম্প্রতি দেশ দুটিতে সপরিবারে ভ্রমণ করেছেন মেসি।
স্পেনের পর কিছু দিন আগে সৌদিতে যান কাতারেবিশ্ব কাপজয়ী আর্জেন্টাইন তারকা। সেটাও ঘরের মাঠে লরিয়েন্তের বিপক্ষে ৩-১ ব্যবধানে হারের পর পরই। মেসির সৌদি ভ্রমণে বাদ সেধেছিল ক্লাব কর্তৃপক্ষ। বলা হয়েছিল অনুমতি নিয়ে সেখানে যেতে। কিন্তু বার্সার সাবেক মহানায়ক অনুমতি না নিতেই পাড়ি জমান মধ্যপ্রাচ্যের দেশে। এতে শাস্তি পেয়েছেন মেসি। দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করা হয়েছে তাকে। নিষেধাজ্ঞার সময়কালে ট্রেনিং গ্রাউন্ডে প্রবেশ করতে পারবেন না তিনি। পাবেন না দুই সপ্তাহের বেতনও।
পিএসজি কর্তৃপক্ষ অ্যাকশনে যাওয়ার পর আরও ফুঁসে উঠেছে ক্লাবটির ভক্তরা। মেসি ছাড়াও নেইমারের বিরুদ্ধে রাজপথে নেমে এসেছে তারা। বুধবার দিনভর পার্ক দেস প্রিন্সেস উত্তাল ছিল তাদের স্লোগানে। চেয়েছেন বোর্ডের পদত্যাগও। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে। যেখানে ভক্তদের প্যারিসে নেইমারের বাসভবনে প্রতিবাদ করতে দেখা যায়। ভিডিওতে পিএসজি ভক্তদের স্লোগান দিতে শোনা যায়, ‘গেট আউট (ক্লাব থেকে চলে যাও)।’
চোটের কারণে নেইমারের কাছ থেকে প্রত্যাশিত সার্ভিস পায়নি পিএসজি। ব্রাজিলিয়ান তারকা এখনও মাঠের বাইরে ইনজুরির ছোবলে। চোটাক্রান্ত নেইমারকে তাই পার্ক দেস প্রিন্সেসে আর দেখতে চায় না ভক্তরা। তবে ভক্তদের আক্রমণাত্মক আচরণ মোটেও ভালোভাবে নেয়নি ক্লাব কর্তৃপক্ষ। তারা আনুষ্ঠানিক এক বিবৃতিতে বলেছে, ‘বুধবার একটি ছোট গোষ্ঠী দ্বারা ঘটে যাওয়া অসহনীয় ও অপমানজনক কর্মকা-ের তীব্র নিন্দা জানায় পিএসজি।’
ওই বিবৃতিতে আরও বলা হয়, ‘মতের পার্থক্য যাই হোক না কেন, কিছুই এই ধরনের কর্মকা-কে সমর্থন করে না। ক্লাব তাদের খেলোয়াড় এবং স্টাফদের পূর্ণ সমর্থন দেবে।’ এদিকে বিবিসি জানিয়েছে যে প্যারিসে মেসি-নেইমারের বাসভবনের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সংবাদমাধ্যমের সাংবাদিক গুইলেম বালাগু জানিয়েছেন, চলতি মৌসুম শেষ হওয়ার পর গ্রীষ্মে পিএসজি ছেড়ে চলে যাবেন ৩৫ বছর বয়সি মেসি।

