অবশেষে অবসান হল দীর্ঘ অপেক্ষার। ২০১৪ সালে বার্সেলোনাকে হারিয়ে ‘কোপা দেল রে’ শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ। ব্রাজিলিয়ান তারকা রদ্রিগোর জোড়া গোলে ওসাসুনাকে হারিয়ে ২০তম ‘কোপা দেল রে’ শিরোপা জিতল রিয়াল মাদ্রিদ।
এস্তাদিও ডে লা কার্তোজে ওসাসুনাকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল। ওসাসুনার হয়ে গোলটি করেন লুকাস টরো।
ম্যাচ শুরু হবার ৯০ সেকেন্ডের মধ্যেই ভিনিসিয়াস জুনিয়ের পাস থেকে লস ব্লাঙ্কোসদের এগিয়ে দেন রদ্রিগো। এরপর আক্রমণ-প্রতি আক্রমণে ১-০ ব্যবধানে এগিয়ে প্রথমার্ধ শেষ করে রিয়াল মাদ্রিদ।
বিরতির পর ৫৮ মিনিটে ওসাসুনাকে সমতায় ফেরান মিডফিল্ডার লুকাস টরো। এর ঠিক ১২ মিনিট পরেই দ্বিতীয়বারের মত বল জালে পাঠান রদ্রিগো।
শেষ পর্যন্ত কোনো দল গোল করতে না পারলে ২-১ গোলে শিরোপা নিশ্চিত করে রিয়াল।

