২০২৬ ফিফা বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিল ইউরোপের আরও দুই শক্তিশালী দল- জার্মানি ও নেদারল্যান্ডস। সোমবার (১৭ নভেম্বর) রাতের বাছাইপর্বের ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে দুটি দলই।
লাইপজিগে অনুষ্ঠিত ‘এ’ গ্রুপের ম্যাচে স্লোভাকিয়াকে ৬-০ গোলে বিধ্বস্ত করে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক জার্মানরা ১৮তম মিনিটে ওল্টেমাডের গোলে এগিয়ে যায়। ২৯ মিনিটে জিন্যাব্রি ব্যবধান বাড়ান। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ৩৬ ও ৪১ মিনিটে লিরয় সানে জোড়া গোল করে দলের ব্যবধান নিয়ে যান ৪-০ তে।
দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় বাকু এবং অভিষিক্ত ১৯ বছর বয়সী আসান ওউয়েদ্রাগো আরও দুই গোল যোগ করলে ৬-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ইউলিয়ান নাগলসমানের দল। এই জয়ে ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে জার্মানি।
ম্যাচ শেষে কোচ নাগলসমান বলেন, ‘আমরা অসাধারণ দলগত স্পিরিট দেখিয়েছি এবং শুরু থেকেই মাঠে নিজেদের সেরাটা দিয়েছে ছেলেরা।’ ১২ পয়েন্ট নিয়ে স্লোভাকিয়াকে এখন প্লে-অফের আশা নিয়েই পথচলা অব্যাহত রাখতে হবে।
এদিকে ‘জি’ গ্রুপেও কোনো ভুল করেনি নেদারল্যান্ডস। লিথুনিয়ার বিপক্ষে রেইন্ডার্স, কোডি গাকপো, জাভি সিমন্স ও ডনিয়েল মালানের গোলে ডাচরা ৪-০ ব্যবধানের সহজ জয় তুলে নেয়। ফলে ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হিসেবেই বিশ্বকাপ নিশ্চিত করে দলটি। একই গ্রুপে রবার্ট লেভান্ডোভস্কির পোল্যান্ড মাল্টাকে ৩-২ গোলে হারিয়ে ১৭ পয়েন্ট নিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে।

