বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান কমিটি ভেঙে দিয়ে সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের একটি নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। নির্বাচিত হওয়ার মাত্র ছয় মাসের মাথায় আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ডটি বাতিল করল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
বাংলাদেশের ক্রিকেট প্রশাসনে এই বড় পরিবর্তনকে ইতিবাচক হিসেবে দেখছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিসিসিআই সহসভাপতি রাজীব শুক্লা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তামিম ইকবালকে অভিনন্দন জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন যে, একজন অভিজ্ঞ সাবেক ক্রিকেটার হিসেবে তামিমের নেতৃত্ব দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রিকেটকে আরও সমৃদ্ধ করবে।
এনএসসি সূত্রে জানা গেছে, নির্বাচন সংক্রান্ত তদন্ত কমিটির প্রতিবেদনে আগের কমিটির বিরুদ্ধে সরকারি প্রভাব খাটানো, ই-ভোটিংয়ে অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পাওয়ায় বোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবগঠিত অ্যাডহক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করার দায়িত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরে ভারত ও বাংলাদেশের রাজনৈতিক ও ক্রিকেটীয় সম্পর্কের টানাপোড়েন চলছিল। আইপিএলে মোস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে বিতর্ক এবং পরবর্তীতে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার সিদ্ধান্তে দুই দেশের ক্রিকেটীয় দূরত্ব বাড়ে। তবে বাংলাদেশে নতুন সরকার গঠনের পর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নেন। তামিম ইকবালের দায়িত্ব গ্রহণ এবং বিসিসিআইয়ের ইতিবাচক প্রতিক্রিয়া সেই সম্পর্ক পুনরুদ্ধারের নতুন ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মানবকণ্ঠ/আরআই




Comments