মিশরের বিপক্ষে রোমাঞ্চকর প্রত্যাবর্তনের জয় শেষে আবেগ ধরে রাখতে পারেননি আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচ শেষে তিনি জানান, চোখের জল ছিল একদিকে স্বস্তির, অন্যদিকে পেনাল্টি মিসের হতাশার বহিঃপ্রকাশ।
বিশ্বকাপের গুরুত্বপূর্ণ এই ম্যাচে বড় বিপদের মুখে পড়েছিল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইয়াসের ইব্রাহিমের গোলে এগিয়ে যাওয়ার পর ৬৭ মিনিটে দ্রুতগতির পাল্টা আক্রমণ থেকে ব্যবধান ২-০ করেন মুস্তাফা জিকো। ফলে বিদায়ের শঙ্কায় পড়ে যায় স্কালোনির দল।
তবে ম্যাচের ২১ মিনিটেই সমতায় ফেরার সুযোগ পেয়েছিলেন মেসি। নিকোলাস তালিয়াফিকোকে ফাউল করায় পেনাল্টি পায় আর্জেন্টিনা। কিন্তু মেসির নেওয়া শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন মিশরের গোলরক্ষক মোস্তফা শোবেইর। বিশ্বকাপে এটি ছিল মেসির অষ্টম পেনাল্টি প্রচেষ্টা, যার মধ্যে চারটিতেই ব্যর্থ হলেন তিনি।
তবে হাল ছাড়েনি আর্জেন্টিনা। ক্রিস্টিয়ান রোমেরোর হেডে ব্যবধান কমার পর মেসি ও এনজো ফার্নান্দেজের গোলে মাত্র ১৩ মিনিটের দুর্দান্ত প্রত্যাবর্তনে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে আলবিসেলেস্তেরা।
ম্যাচ শেষে মেসি বলেন, “আমরা আবারও কঠিন একটি পরীক্ষা পার করেছি। বিশ্বকাপে প্রতিটি ম্যাচই কঠিন। তাই এই জয় আমাদের জন্য অনেক স্বস্তির।”
চোখের জল নিয়ে তিনি বলেন, “এটা ছিল সবার জন্যই স্বস্তির মুহূর্ত। ২-০ ব্যবধান থেকে ফিরে আসা সহজ নয়। কিন্তু এই দল কখনো লড়াই ছাড়ে না।”
পেনাল্টি মিস প্রসঙ্গে মেসি বলেন, “আমি সত্যিই হতাশ ছিলাম। যদি সেই পেনাল্টিতে গোল করতে পারতাম, তাহলে ম্যাচের চিত্রই বদলে যেত। তবে শেষ পর্যন্ত দলকে জয়ে সাহায্য করতে পারায় আমি খুশি।”
এই জয়ের ফলে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে আর্জেন্টিনা। শেষ আটে তাদের প্রতিপক্ষ হবে সুইজারল্যান্ড।
এদিকে, চলতি বিশ্বকাপে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ৮-এ। ছয়টি বিশ্বকাপে ৩১ ম্যাচে তার মোট গোল এখন ২১টি। এতে বিশ্বকাপ গোলের তালিকায় কিলিয়ান এমবাপ্পের (১৯ ম্যাচে ১৯ গোল) চেয়ে দুই গোল এগিয়ে আছেন আর্জেন্টাইন মহাতারকা।
মানবকন্ঠ/এসএস

