আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে হারের পর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের এবারের আসরে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৪৫ রানে হারিয়ে টুর্নামেন্টে প্রথম জয় তুলে নিয়েছে টাইগার যুবারা।
ওমানের আল আমেরাতে টসের পর প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষ হওয়ার আগেই অলআউট হয় বাংলাদেশ। ইনিংসের শেষ দুই বল বাকি থাকতে ২৪৫ রানে গুটিয়ে যায় দলটি। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৮২ রান করেন আহসান আল মুমিন। এছাড়া এসকে জারিফ সিয়াম ৮৩ বলে ৫৯ এবং আব্দুল্লাহ আল মুহি ৩০ রান করেন।
শ্রীলঙ্কার হয়ে সেথমিকা সেনেরিরত্নে চারটি, গিমহান মেন্ডিস তিনটি এবং কউশিকা কুমারাসিংহে দুটি উইকেট নেন।
২৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় শ্রীলঙ্কা। দলীয় ১৬ রানে প্রথম উইকেট হারানোর পর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে তাদের। তবে এক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাটিং করেন সেনুজা ওয়েকুনাগদার। তার ৮৫ রানের ইনিংসে জয়ের স্বপ্ন দেখছিল লঙ্কানরা।
তবে তার বিদায়ের পর আর কেউ বড় ইনিংস খেলতে পারেননি। শেষ পর্যন্ত ৪৬.১ ওভারে ২০০ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ফলে ৪৫ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে রাফিউল আলম তামিম, শেখ আতিকুর রহমান, রুবাই ইসলাম রিজন ও রবিউল হাসান অনিক দুটি করে উইকেট নেন।

