সাফ চ্যাম্পিয়নশিপে আজ (রোববার) মাঠে নামছে ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান ও মালদ্বীপ। দিনের প্রথম ম্যাচে বেলা সাড়ে ৩টায় মুখোমুখি হবে পাকিস্তান ও মালদ্বীপ। এরপর রাত ৮টায় লড়বে ভুটান ও শ্রীলঙ্কা। দুটি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে চ্যানেল টি-স্পোর্টস।
ঢাকায় গত ৫ নভেম্বর শুরু হয়েছে সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ১-০ গোলে হেরেছে ভুটান। ফলে আজ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এই ম্যাচে হারলে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হবে ভুটানের। অন্যদিকে জিতলে সেরা চারে ওঠার সম্ভাবনা টিকে থাকবে।
এদিকে আজকের ম্যাচ দিয়ে টুর্নামেন্টে নিজেদের যাত্রা শুরু করবে শ্রীলঙ্কা। শক্তিশালী দলটির বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে ভুটানকে।
অন্যদিকে \'বি\' গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও মালদ্বীপ। নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৩-২ গোলে হেরেছে পাকিস্তান। তাই টুর্নামেন্টে টিকে থাকতে আজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে দলটি। অন্যদিকে আজই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে মালদ্বীপ।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচকে ফাইনালের মতো গুরুত্বপূর্ণ মনে করছেন মালদ্বীপের কোচ ইস্তভান আরবানি। তিনি বলেন, পাকিস্তানের বিপক্ষে ম্যাচ ছাড়া আপাতত অন্য কিছু নিয়ে ভাবছে না তার দল। প্রথম দিন থেকেই এই ম্যাচের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ম্যাচটিকে তারা ফাইনালের মতো গুরুত্ব দিচ্ছেন।
উল্লেখ্য, নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ ও ভারত।
বিএইচ
