তৃণমূল পর্যায়ের ক্রিকেটারদের প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরিয়ে আনা এবং তরুণদের সুস্থ ক্রীড়াচর্চায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে আগামী ১০ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ‘আকবার ৭ গ্রুপ একাডেমি কাপ ক্রিকেট ২০২৬’।
রোববার (৮ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব মো. দিদারুল আলম চৌধুরী।
আয়োজকেরা জানান, দীর্ঘদিন ধরে চট্টগ্রামে ক্রিকেট লিগ বন্ধ থাকায় উদীয়মান ও একাডেমি পর্যায়ের ক্রিকেটাররা খেলার সুযোগ পাচ্ছিলেন না, যা স্থানীয় ক্রিকেটের পাইপলাইনে শূন্যতা তৈরি করেছিল। এই স্থবিরতা কাটিয়ে তৃণমূলের ক্রিকেটকে গতিশীল করতে শহরের ক্রীড়া সংগঠক ও ক্রিকেট একাডেমিগুলো সম্মিলিতভাবে এ আয়োজন করেছে।
টুর্নামেন্টে চট্টগ্রাম মহানগরীর ২১টি এবং চন্দনাইশ, সন্দ্বীপ ও বাঁশখালী উপজেলার তিনটিসহ মোট ২৪টি একাডেমি অংশ নিচ্ছে। পুরো আসরে সর্বমোট ৩১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে গ্রুপ পর্বে ২৪টি, কোয়ার্টার ফাইনালে ৪টি, সেমিফাইনালে ২টি এবং ফাইনালে ১টি ম্যাচ হবে। প্রতিদিন সকাল ৮:৩০ মিনিট ও দুপুর ১২:৪৫ মিনিটে দুটি করে ম্যাচ খেলা অনুষ্ঠিত হবে।
তরুণদের অভিজ্ঞতা বাড়াতে প্রতিটি দলের ১৬ সদস্যের স্কোয়াডে সর্বোচ্চ ২ জন প্রথম বিভাগের খেলোয়াড় রাখার সুযোগ দেওয়া হয়েছে। তবে একাদশে ন্যূনতম একজন প্রথম বিভাগের খেলোয়াড় রাখা বাধ্যতামূলক। স্কোয়াডের বাকি ১৪ জন থাকবেন দ্বিতীয় ও তৃতীয় বিভাগের ক্রিকেটার।
টুর্নামেন্টের মূল পৃষ্ঠপোষক আকবার ৭ গ্রুপ এবং কো-স্পন্সর আম্বিয়া গ্রুপ। এছাড়া সহযোগী পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে রয়্যাল হাট, এ্যাটরাস ইমপোর্টার্স ও স্পর্টিফাই ইভেন্টস। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ম্যাচ বলসহ বিভিন্ন লজিস্টিক সহায়তা দিচ্ছে।
সংবাদ সম্মেলনে আকবার ৭ গ্রুপের চেয়ারম্যান মো. আলী আকবর, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক হাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম ও শাহাবুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, সদস্য সচিব মো. দিদারুল আলম চৌধুরী, সদস্য আবু সামা বিপ্লব, আলী হাসান রাজু, জয়নাল আবেদীনসহ সিজেকএস কাউন্সিলর সরোয়ার আলম মনি ও এনামুল হক উপস্থিত ছিলেন।
অংশগ্রহণকারী ২৪ দল
জুনিয়র ক্রিকেট ট্রেনিং একাডেমি, ড্রিম ক্রিকেট একাডেমি, ইস্পাহানি ক্রিকেট একাডেমি, মিলেনিয়াম ক্রিকেট একাডেমি, পোর্ট সিটি ক্রিকেট একাডেমি, চিটাগং ক্রিকেট একাডেমি, সানরাইজ ক্রিকেট একাডেমি, চিটাগং ইয়ুথ ক্রিকেট একাডেমি, বাঁশখালী ক্রিকেট একাডেমি, সন্দ্বীপ ক্রিকেট একাডেমি, চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স, নিও ক্রিকেট একাডেমি, চন্দনাইশ ক্রিকেট একাডেমি, সিএস ক্রিকেট একাডেমি, এজে ক্রিকেট একাডেমি, উদীয়মান ক্রিকেট একাডেমি, বেসিক ক্রিকেট একাডেমি, নাজিম উদ্দিন ক্রিকেট একাডেমি, শাইনিং ক্রিকেট একাডেমি, কোয়ালিটি ক্রিকেট একাডেমি, রাইজিং স্টার ক্রিকেট একাডেমি, ব্রাদার্স ক্রিকেট একাডেমি, এসএস ক্রিকেট একাডেমি এবং আফতাব আহমেদ ক্রিকেট একাডেমি।
ডিআর

