সিলেট টেস্টের প্রথম ইনিংসে তরুণ ব্যাটার তাওহিদ হৃদয়ের ঐতিহাসিক ও মহাকাব্যিক ডাবল সেঞ্চুরিতে ভর করে ৩০ রানের মূল্যবান লিড পেয়েছিল বাংলাদেশ। তবে ম্যাচের চতুর্থ দিন শেষে স্বস্তিতে নেই স্বাগতিকরা। সারাদিনে ওয়েস্ট ইন্ডিজের মাত্র ৩টি উইকেট তুলে নিতে পেরেছে টাইগার বোলাররা। ফলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইতোমধ্যে ৩১৫ রানের বড় লিড নিয়েছে সফরকারী ক্যারিবীয়রা।
ম্যাচের চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে কথা বলেছেন দুর্দান্ত ফর্মে থাকা তাওহিদ হৃদয়। তিনি আত্মবিশ্বাসী কণ্ঠে জানিয়েছেন, শেষ দিনে বাংলাদেশকে যদি ৩৫০ রানের লক্ষ্যও ছুড়ে দেওয়া হয়, তবে তা তাড়া করা সম্ভব।
চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তাওহিদ হৃদয় বলেন, “এখন পর্যন্ত পিচ ব্যাটিংয়ের জন্য ভালো। আগামীকাল (শেষ দিন) অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। শুরুটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা যদি শুরুটা ভালোভাবে করতে পারি, ৩৫০ রান তাড়া করা সম্ভব বলে আমার মনে হয়।”
তবে হৃদয়ের এই স্বপ্নকে সত্যি করতে হলে টেস্ট ক্রিকেটে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় রান তাড়ার রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে। কারণ, নিজেদের ২৬ বছরের টেস্ট ইতিহাসে লাল-সবুজের প্রতিনিধিরা কখনো ২১৭ রানের বেশি তাড়া করে ম্যাচ জেতেনি।
চতুর্থ দিনে দুর্দান্ত ব্যাটিং করে ১৪০ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন ওয়েস্ট ইন্ডিজের কাভেম হজ। দিনশেষে তিনি দলের কৌশল নিয়ে বলেন, পরিস্থিতি বুঝে ইনিংস ঘোষণা করবে তাদের দল। বাংলাদেশের মানসিকতা ও লক্ষ্য দেখেই তারা পরবর্তী পদক্ষেপ নেবেন বলে জানান তিনি।
আগামীকাল (সোমবার) ম্যাচের শেষ দিনে ওয়েস্ট ইন্ডিজ কত রান যোগ করে এবং বাংলাদেশকে জয়ের জন্য ঠিক কত রানের লক্ষ্য দেয়, এখন সেটাই দেখার বিষয়।
ডিআর

