সিলেট টেস্টের শেষ দিনে বাংলাদেশকে কঠিন পরীক্ষার মুখে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৩৯৮ রান তুলে ইনিংস ঘোষণা করেছে সফরকারীরা। প্রথম ইনিংসে ৩০ রানে পিছিয়ে থাকায় সব মিলিয়ে তাদের লিড দাঁড়িয়েছে ৩৬৮ রান। ফলে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য ৩৬৯ রান।
পঞ্চম দিনের খেলা শুরু হওয়ার পর মাত্র ১০ ওভার ব্যাট করেই ইনিংস ঘোষণা করে ক্যারিবীয়রা। এ সময় ৩ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে আরও ৫৩ রান যোগ করে তারা। ম্যাচ জিততে শেষ দিনে ৭৮ ওভারে ৩৬৯ রান করতে হবে বাংলাদেশকে। টেস্ট ক্রিকেটের বাস্তবতায় লক্ষ্যটি বেশ কঠিন।
এই লক্ষ্য পেরিয়ে জিততে হলে নিজেদের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ভাঙতে হবে বাংলাদেশকে। টেস্টে এখন পর্যন্ত সর্বোচ্চ ২১৫ রান তাড়া করে জয়ের নজির রয়েছে টাইগারদের। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই সেই কীর্তি গড়েছিল বাংলাদেশ।
দিনের খেলা শুরু হয়েছিল ৩ উইকেটে ৩৪৫ রান নিয়ে। আগের দিনের সেঞ্চুরিয়ান কাভেম হজকে দ্রুত ফিরিয়ে বাংলাদেশকে স্বস্তি দেন নাঈম হাসান। দিনের শুরুতেই তাঁর বলে ক্যাচ তুলে দেন হজ। আগের দিনের দুর্দান্ত ইনিংসের পর এদিন মাত্র ২ রান যোগ করতে পেরেছেন তিনি। ১৭টি চার ও একটি ছক্কায় ১৯৪ বলে ১৪২ রান করেন এই ব্যাটার।
এরপর জাস্টিন গ্রেভসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মেহেদী হাসান মিরাজ। দ্রুত রান তোলার চেষ্টায় রস্টন চেইসের আগে ব্যাটিংয়ে নামেন শামার জোসেফ। তবে নাঈমের বলে ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলেন জশুয়া বিশপ। মাত্র ১১ বলে এক চার ও দুই ছক্কায় ২০ রান করেন তিনি। অন্য প্রান্তে ৩৯ রানে অপরাজিত থাকেন আমির জাঙ্গু।
বাংলাদেশের হয়ে বল হাতে দুটি করে উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান ও তাইজুল ইসলাম। এখন দেখার বিষয়, কঠিন লক্ষ্য তাড়া করে শেষ দিনে কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারেন বাংলাদেশের ব্যাটাররা।
বিএইচ
