একসময় ফুটবল মাঠে নিজের অসাধারণ নৈপুণ্যে কোটি ভক্তের হৃদয় জয় করেছিলেন নেইমার জুনিয়র। বল পায়ে তাঁর জাদুতে মুগ্ধ হতো ফুটবল বিশ্ব। কিন্তু সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বারবার চোটের কবলে পড়ে সেই চেনা ছন্দ হারিয়েছেন ব্রাজিলের এই তারকা। দীর্ঘদিন ধরে ইনজুরির সঙ্গে লড়াই এবং প্রত্যাশিত পারফরম্যান্সে ফিরতে না পারার হতাশায় এবার পেশাদার ফুটবল থেকে অবসরের কথাও ভাবছেন তিনি।
ফরাসি সংবাদমাধ্যম ‘ফুট মেরকাতো’র এক প্রতিবেদনে বলা হয়েছে, শারীরিক সমস্যার কারণে নিজের সেরা অবস্থায় ফিরতে না পারায় হতাশ নেইমার। এই পরিস্থিতি তাঁকে ফুটবল ক্যারিয়ার শেষ করার চিন্তার দিকে ঠেলে দিচ্ছে।
সম্প্রতি কিংস লিগ টুর্নামেন্টে ব্রাজিলের কনটেন্ট ক্রিয়েটর ক্রিস গুয়েদেসের সঙ্গে আলাপচারিতায় নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। সেখানে কিংস লিগে খেলার আগ্রহ প্রকাশের পাশাপাশি ২০৩০ সাল পর্যন্ত ফুটবল চালিয়ে যাওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।
তবে আলোচনার একপর্যায়ে গুয়েদেস তাঁকে মনে করিয়ে দেন, ২০৩০ সালে নেইমারের বয়স হবে ৩৯ বছর। অর্থাৎ ফুটবল চালিয়ে যাওয়ার জন্য তাঁর সামনে আরও পাঁচ-ছয় বছর সময় রয়েছে। কিন্তু এমন সম্ভাবনার কথা শুনে নেইমার বলেন, ‘না, আমি পারব না।’
পরে একই বিষয়ে আবার জানতে চাইলে নেইমারের সংক্ষিপ্ত জবাব ছিল, ‘আপনি যদি আমার অবস্থানে থাকতেন, তাহলে বুঝতে পারতেন।’
নেইমারের এমন মন্তব্যে তাঁর ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে চোটের কারণে মাঠের বাইরে থাকা, সুস্থ হয়ে ফেরার পর আবারও ইনজুরিতে পড়ার আশঙ্কা—সব মিলিয়ে ফুটবল চালিয়ে যাওয়ার বিষয়ে কঠিন বাস্তবতার মুখোমুখি তিনি।
বর্তমানে শৈশবের ক্লাব সান্তোসের হয়ে খেলছেন নেইমার। একসময় বার্সেলোনা ও পিএসজির জার্সিতে দাপট দেখানো এই তারকা এখন ক্যারিয়ারের কঠিন সময় পার করছেন। তবে ফুটবলকে বিদায় জানানোর বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তের কথা জানাননি তিনি। ফলে নেইমারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।
বিএইচ

