সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়কত্ব করতে যাচ্ছেন হামজা চৌধুরী। ম্যাচটি সামনে রেখে একাদশ ঘোষণা করেছে বাংলাদেশ। দলে এসেছে তিনটি পরিবর্তন। একাদশে ফিরেছেন ফারহান আলী ওয়াহিদ।
বুধবার (১১ নভেম্বর) রাত ৮টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।
ফিফা উইন্ডোর বাইরে হওয়ায় টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে খেলতে পারেননি হামজা ও ফারহান। ৯ নভেম্বর ইংল্যান্ড থেকে ঢাকায় ফেরার পর শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের একাদশে জায়গা পেয়েছেন দুজনই।
চোটের কারণে এই ম্যাচে খেলতে পারছেন না বিশ্বনাথ ঘোষ। ভুটানের বিপক্ষে স্ট্রাইকার হিসেবে খেললেও ম্যাচের পরদিন অনুশীলনে ব্যথা পান তিনি। তাঁর জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন মোহাম্মদ ইব্রাহিম। ভুটানের বিপক্ষে জয়সূচক একমাত্র গোলটি করেছিলেন এই ফুটবলার।
সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অধিনায়কত্বে দেখা গেছে ধারাবাহিক পরিবর্তন। টুর্নামেন্ট শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে অধিনায়ক হিসেবে তপু বর্মণের নাম ঘোষণা করা হয়েছিল। তবে ম্যাচের দিন ওয়ার্ম-আপের সময় চোট পেয়ে ছিটকে যান তিনি। পরে তাঁর পরিবর্তে নেতৃত্ব দেন জামাল ভূঁইয়া।
এবার শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে ফিরেই অধিনায়কের দায়িত্ব পাচ্ছেন হামজা চৌধুরী। দলীয় সূত্রে জানা গেছে, তাঁর হাতেই উঠছে নেতৃত্বের আর্মব্যান্ড।
বাংলাদেশের একাদশ
হামজা চৌধুরী (অধিনায়ক), মেহেদী হাসান শ্রাবণ (গোলরক্ষক), জিদান ইফসুফ, তারিক কাজী, সাদ উদ্দিন, জায়ান আহমেদ, সামিত সোম, কাজেম শাহ, মোহাম্মদ ইব্রাহিম, ফারহান আলী ওয়াহিদ ও রাকিব হোসেন।

