শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়ার আনন্দে যখন ভাসছে পুরো দেশ, ঠিক তখনই বাংলাদেশ ফুটবল শিবিরে নেমে এল হতাশার ছায়া। মাঠের বড় সাফল্যের পর চোটের ধাক্কায় গুরুত্বপূর্ণ ডিফেন্ডার সাদ উদ্দিনকে হারিয়েছে লাল-সবুজের দল। গোড়ালির টেন্ডনে চিড় ধরায় চলতি সাফ চ্যাম্পিয়নশিপে আর মাঠে নামা হচ্ছে না তাঁর।
বুধবার (১১ নভেম্বর) রাতে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পরপরই এই দুঃসংবাদ আসে। ম্যাচের ৮১ মিনিটে প্রতিপক্ষের সঙ্গে বল দখলের লড়াইয়ে গুরুতর আঘাত পান সাদ। চোট এতটাই তীব্র ছিল যে, তিনি নিজের পায়ে হেঁটে মাঠ ছাড়তে পারেননি। স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়ার পর দ্রুত অ্যাম্বুলেন্সে তাঁকে হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর সাদের গোড়ালির টেন্ডনে চিড় ধরা পড়েছে। তাঁর অস্ত্রোপচারের প্রয়োজন হবে কি না, তা এখনো নিশ্চিত করেননি চিকিৎসকেরা। তবে দলীয় সূত্র নিশ্চিত করেছে, টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে আর খেলা হচ্ছে না এই নির্ভরযোগ্য ডিফেন্ডারের।
চলতি সাফে বাংলাদেশের প্রথম দুই ম্যাচেই শুরুর একাদশে ছিলেন সাদ উদ্দিন। রক্ষণ সামলানোর পাশাপাশি আক্রমণভাগে বল জোগান দেওয়ার ক্ষেত্রেও তাঁর ভূমিকা ছিল বেশ কার্যকর। সেমিফাইনালের আগে এমন একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ছিটকে যাওয়া কোচ টমাস ডুলির জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
চোটের এই ধাক্কার মাঝেই সেমিফাইনালের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে বাংলাদেশ দল। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করেছেন ফুটবলাররা। আগের দিন যাঁরা খেলেছেন, তাঁদের রাখা হয়েছে বিশ্রাম ও পুনর্বাসন প্রক্রিয়ায়; বাকি খেলোয়াড়েরা কোচের অধীনে অনুশীলন সেশনে অংশ নেন।
তবে সাদকে হারানোর হতাশার মাঝেও বাংলাদেশ শিবিরে কিছুটা স্বস্তির বাতাস বয়ে এনেছেন তপু বর্মণ ও বিশ্বনাথ ঘোষ। চোট কাটিয়ে সুস্থতার পথে থাকা এই দুই অভিজ্ঞ ডিফেন্ডার আজ সতীর্থদের সঙ্গে পুরোদমে অনুশীলন করেছেন। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তাঁদের ফিট হয়ে ওঠা দলের রক্ষণভাগের জন্য বড় ইতিবাচক খবর।
ডিআর

