বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান পদে দ্বিতীয় মেয়াদে পুনর্নিয়োগ পেয়েছেন জয় শাহ। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সংস্থাটির প্রধান নির্বাচিত হয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক এই সচিব।
সোমবার (১৬ নভেম্বর) ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় পরিচালকদের প্রস্তাবের পর তার পুনর্নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে ২০২৪ সালের ২৭ আগস্ট প্রথমবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে জয় শাহ। ওই বছরের ১ ডিসেম্বর দায়িত্ব গ্রহণ করেন তিনি। নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলের স্থলাভিষিক্ত হয়ে মাত্র ৩৬ বছর বয়সে আইসিসির ইতিহাসে সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হওয়ার কৃতিত্ব অর্জন করেন জয় শাহ।
নতুন মেয়াদে ২০২৯ সাল পর্যন্ত আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন তিনি।
পুনর্নিয়োগের পর জয় শাহ বলেন, আইসিসি বোর্ড তার ওপর যে আস্থা রেখেছে, তাতে তিনি সম্মানিত বোধ করছেন। পরিচালকদের অব্যাহত বিশ্বাস ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে ক্রিকেটের বৈশ্বিক স্বার্থ এগিয়ে নিতে সদস্যদের সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
জয় শাহ আরও বলেন, ক্রিকেট ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও রোমাঞ্চকর সময়ে প্রবেশ করছে। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তন নতুন দর্শক ও প্রজন্মের কাছে খেলাটিকে পরিচিত করার অসাধারণ সুযোগ তৈরি করবে।
ভক্ত, খেলোয়াড় ও বাণিজ্যিক অংশীদারদের গুরুত্ব দিয়ে ক্রিকেটের টেকসই ভবিষ্যৎ গড়ে তোলাই তার লক্ষ্য বলে জানান জয় শাহ। তার মতে, মানুষের মধ্যে ঐক্য গড়ে তোলাই ক্রিকেটের সবচেয়ে বড় শক্তি।
এদিকে জয় শাহকে পুনর্নিয়োগের জন্য অভিনন্দন জানিয়েছেন ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান রিচার্ড থম্পসন, আইসিসির স্বাধীন পরিচালক রস রিভাজ, সহসভাপতি তাভেঙ্গওয়া মুখুলানি, নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) পরিচালক রজার টুজ এবং সহযোগী সদস্যদের চেয়ারম্যান গুরুমূর্তি পালানি।
তাদের বক্তব্যে আন্তর্জাতিক ক্রিকেটের সূচি আরও শক্তিশালী করা, নারী ক্রিকেটের উন্নয়ন, আফ্রিকা মহাদেশে ক্রিকেটের প্রসার এবং সহযোগী দেশগুলোর জন্য সুযোগ বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।
বিএইচ




