দিনের প্রথম চার বল সামলে নিয়ে নামের পাশে তিন রান যোগ করেছিলেন লিটন দাস। কাগিসো রাবাদার করা ওভারের প্রথম বল নিরাপদে সামলে নিয়ে শেষ বলে দারুণ এক চার হাঁকান নতুন ব্যাটার হিসেবে ক্রিজে নামা মেহেদী হাসান মিরাজ।
এরপর সবার নজর ছিল লিটনের দিকে। দেখেশুনে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরির মাইলফলকের দিকে এগিয়ে যাচ্ছিলেন তিনি। অবশেষে ১৫৪তম বলে ইনিংসে নিজের প্রথম ছক্কা হাঁকিয়ে টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরির দেখা পান লিটন দাস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটি তাঁর প্রথম সেঞ্চুরি। তিন অঙ্কের ঘরে পৌঁছানোর পর পকেট থেকে একটি কাগজ বের করে উঁচিয়ে ধরে বিশেষ বার্তা প্রদর্শন করেন লিটন। যেখানে ইংরেজিতে লেখা বার্তাটির বাংলায় অর্থ দাঁড়ায়— ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা, এই ১০০ তোমার জন্য।’
লিটন তাঁর আগের সেঞ্চুরিটি করেছিলেন গত বছরের অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে। ওই ম্যাচে প্রথম ইনিংসে ফিফটি হাঁকানোর পর দারুণ ফর্মে ছিলেন তিনি। তবে পরবর্তী সময়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট হাতে সেভাবে আলো ছড়াতে পারেননি। দুই টেস্টের চার ইনিংসে তাঁর সর্বোচ্চ রান ছিল অপরাজিত ৩৪ এবং বাকি তিন ইনিংসে দুই অঙ্কের ঘরেই পৌঁছাতে পারেননি। এবার দক্ষিণ আফ্রিকার কঠিন উইকেটে অনবদ্য এক ইনিংস খেলে আগের সব হতাশা পেছনে ফেলে দারুণভাবে ছন্দে ফিরলেন তিনি।
এর আগে প্রথম দিন শেষে ৬ উইকেটে ৩২৭ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। ৯২ রান নিয়ে অপরাজিত থেকে দিন শুরু করেছিলেন লিটন দাস। আগের দিন তাওহীদ হৃদয় ১৩৭ রানের চমৎকার এক ইনিংস খেলে আউট হলে প্রথম দিনের খেলার সমাপ্তি ঘটে। ম্যাচের শুরুতে মাত্র ২২ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়া বাংলাদেশ দল তানজীদ হাসান তামিম ও তাওহীদ হৃদয়ের ৯৯ রানের অনবদ্য জুটিতে ঘুরে দাঁড়ায়। এরপর লিটন দাস ও তাওহীদ হৃদয় মিলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রেকর্ড গড়া ২০৬ রানের এক ঐতিহাসিক জুটি উপহার দেন।
ডিআর




