এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ডে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে দাপুটে জয় তুলে নিয়েছে পাকিস্তান। লঙ্কানদের দেওয়া ৮৮ রানের লক্ষ্য মাত্র ৬.৩ ওভারেই পেরিয়ে যায় দলটি।
সোমবার (১৬ নভেম্বর) এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় শুরু হয় ম্যাচটি। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা।
তবে পাকিস্তানের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে বড় সংগ্রহ গড়তে পারেনি লঙ্কানরা। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮৭ রান সংগ্রহ করে তারা।
শ্রীলঙ্কার হয়ে পিযুমাল ২৫ বলে অপরাজিত ২২ রান করেন। পেরেরা ২৬ বলে অপরাজিত থাকেন ১২ রানে। এছাড়া কৃষান ১৩ এবং ভিনস্লি করেন ১১ রান। পাকিস্তানের হয়ে আব্বাস, উল্লাহ ও এম. সফদর একটি করে উইকেট শিকার করেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে পাকিস্তান। দুই ওপেনারের ঝোড়ো ব্যাটিংয়ে কোনো উইকেট না হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় দলটি।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন এম. সফদর। মাত্র ২১ বলে ৮টি চারের সাহায্যে এই রান করেন তিনি। অন্য প্রান্তে এন. উল্লাহ ২০ বলে ৪টি চারের সাহায্যে অপরাজিত ৩২ রান করেন।
দুই ওপেনারের দুর্দান্ত ব্যাটিংয়ে মাত্র ৬.৩ ওভারে ৮৮ রান তুলে ১০ উইকেটের বড় জয় নিশ্চিত করে পাকিস্তান।
বিএইচ




