ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট তুলে নিয়ে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় উইকেটে ২০২ রানের বিশাল জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নেয় দক্ষিণ আফ্রিকা। অবশেষে পার্টটাইম বোলার মুমিনুল হকের হাত ধরে সেই প্রতিরোধ ভাঙে। এরপর সেঞ্চুরিয়ান কলিন অ্যাকারম্যান ও ম্যাথু ব্রিটকিকে দ্রুত সাজঘরে ফিরিয়ে টাইগার শিবিরে স্বস্তি ফেরান পেসার হাসান মাহমুদ।
শেষ বিকেলে ১১ রানের ব্যবধানে ২ উইকেট তুলে নেন হাসান। ফলে দ্বিতীয় দিন শেষে ৬২ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে ২৮৭ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে এখনো ১১৩ রানে পিছিয়ে আছে সফরকারীরা, হাতে আছে ৬ উইকেট।
প্রথম সেশনে মাত্র ৫ ওভার বোলিং করার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। সেখানেই সাফল্যের দেখা পায় স্বাগতিকরা। ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলটি অফ স্টাম্পের বাইরে ভালো লেংথে করেছিলেন হাসান মাহমুদ। বল এইডেন মার্করামের ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে উইকেটরক্ষক লিটন দাসের গ্লাভসে। ৮ বলে ৪ রান করে মার্করাম ফিরলে ভাঙে ৫ রানের উদ্বোধনী জুটি।
পঞ্চম ওভারের চতুর্থ বলটি ব্যাটে খেলতে পারেননি জোবায়ের হামজা, বল সরাসরি তাঁর প্যাডে আঘাত হানে। জোরালো আবেদনের মুখে আম্পায়ার নো বলের সংকেত দেন। পরে টিভি রিপ্লেতে দেখা যায় এটি নিশ্চিত লেগ বিফোর ছিল, তবে নো বলের কল্যাণে সে যাত্রায় বেঁচে যান হামজা।
ইনিংসের ১৬তম ওভারে নিজের বলে ফিল্ডিং করতে গিয়ে কপালে আঘাত পান হাসান মাহমুদ। হাত ফসকে বল সরাসরি তাঁর কপালে লাগলে সঙ্গে সঙ্গে মাঠে লুটিয়ে পড়েন তিনি। মাঠে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর সেই ওভারটি শেষ করেন এই পেসার। কিছুক্ষণ পর ড্রেসিংরুমে ফিরে গেলেও কয়েক ওভার পরই আবার মাঠে ফেরেন তিনি।
৫ রানে প্রথম উইকেট হারানোর পর বাংলাদেশের বোলারদের সামনে রীতিমতো দেয়াল হয়ে দাঁড়ান হামজা ও অ্যাকারম্যান। দ্বিতীয় উইকেটে তাঁরা গড়েন ২০২ রানের জুটি। এরই মাঝে ব্যক্তিগত সেঞ্চুরি পূর্ণ করেন অ্যাকারম্যান। তিন অঙ্ক ছুঁতে মাত্র ১২৫ বল খেলেন তিনি, যেখানে ছিল ১৪টি চারের মার।
অন্য প্রান্তে সেঞ্চুরির পথেই এগোচ্ছিলেন হামজাও। টানা ৪০ ওভারেরও বেশি সময় ধরে উইকেটশূন্য ছিল বাংলাদেশ। বারবার বোলিং পরিবর্তন করেও যখন সাফল্য আসছিল না, তখন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বল তুলে দেন মুমিনুল হকের হাতে। এই পার্টটাইম স্পিনারই শেষ পর্যন্ত দুইশোর্ধ্ব রানের জুটি ভাঙেন। মুমিনুলের অফ স্টাম্পের বাইরের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ৮৩ রানে থামেন হামজা।
সেঞ্চুরির পর রানের গতি আরও বাড়ানোর চেষ্টা করেন অ্যাকারম্যান। আর তাতেই কাল হয় তাঁর জন্য। হাসান মাহমুদকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারির সামনে ক্যাচ দিয়ে ফেরেন এই ব্যাটার। সাজঘরে ফেরার আগে ১৬৪ বলে ২১টি চার ও ১টি ছক্কায় ১৫৭ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি।
এরপর পাঁচে নামা ম্যাথু ব্রিটকিকেও থিতু হতে দেননি হাসান। ৫৯তম ওভারের শেষ বলে তাঁকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন এই ডানহাতি পেসার। আউট হওয়ার আগে ১৭ বলে ২ রান করেন ব্রিটকি। দিন শেষে বাংলাদেশের পক্ষে হাসান মাহমুদ ৩টি এবং মুমিনুল হক ১টি উইকেট শিকার করেছেন।
ডিআর




