এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ডে দাপুটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ব্যাট হাতে রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে ৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে বিনা উইকেটে ২০৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ৫ উইকেট হারিয়ে ১১৩ রানের বেশি করতে পারেনি শ্রীলঙ্কা।
সকাল ৯টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন বাংলাদেশের দুই ওপেনার হোসেন ও সালমান। তাদের দুর্দান্ত ব্যাটিংয়ে কোনো উইকেট না হারিয়েই দুইশ ছাড়ানো সংগ্রহ পায় স্বাগতিকরা।
দলের হয়ে সর্বোচ্চ ৯৬ রান করে অপরাজিত থাকেন হোসেন। ৬৫ বলের ইনিংসে ৭টি চার ও একটি ছক্কা হাঁকান তিনি। অন্য প্রান্তে সমান ৬৫ বল খেলে ৮১ রান করে অপরাজিত থাকেন সালমান। তার ইনিংসে ছিল চারটি চার। দুই ওপেনারের অবিচ্ছিন্ন জুটিতে আসে ২০৮ রান। অতিরিক্ত থেকে যোগ হয় আরও ৩১ রান।
বাংলাদেশের এই বিশাল সংগ্রহের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে শ্রীলঙ্কা। স্বাগতিক বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৩ রানেই থামে তাদের ইনিংস।
শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন ডি পেরেরা। ৪৪ বলের ইনিংসে একটি চার মারেন তিনি। এ ছাড়া চিরান্থা ১৪, পিউমাল ১৩, সুদেশ ১২ এবং অমরাসিংহে ১০ রান করেন। অতিরিক্ত থেকে আসে আরও ২১ রান।
বাংলাদেশের হয়ে সজিব ৩ ওভারে ১৩ রান দিয়ে একটি উইকেট নেন। চাংইয়া ২ ওভারে ৯ রান খরচায় একটি এবং রহমান ৪ ওভারে ২১ রান দিয়ে একটি উইকেট শিকার করেন। বাকি বোলাররাও নিয়ন্ত্রিত বোলিং করে শ্রীলঙ্কার ব্যাটারদের বড় জুটি গড়তে দেননি।
দুই ওপেনারের দুর্দান্ত ব্যাটিং এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে শেষ পর্যন্ত ৯৫ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
বিএইচ




