কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহাম—রিয়াল মাদ্রিদের লাইনআপে তারকার অভাব কোনোকালেই ছিল না, এখনও নেই। তবে ২০২৬-২৭ মৌসুমে এসে যেন একটু আলাদা চিত্র দেখছে ক্লাবটি। মহাতারকাদের ছাপিয়ে নজর কাড়ছেন এবং দলকে বিপদ থেকে বাঁচানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন তরুণ ফরোয়ার্ড কার্লোস এসপি।
শনিবার (২১ নভেম্বর) রাতে সেলতা ভিগোর বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েছিল রিয়াল মাদ্রিদ। সেই গোল শোধ করে দল যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই ৮৫ মিনিটে দৃশ্যপটে আবির্ভূত হন এসপি। তার জয়সূচক গোলে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রিয়াল এবং লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনাকে ছুঁয়ে ফেলে।
রিয়ালের চলতি মৌসুমের শুরুটা হয়েছিল বেশ বাজে। সেপ্টেম্বরে ১৫ দিনের ব্যবধানে দুটি হার দলটিকে ঠেলে দিয়েছিল খাদের কিনারে। মৌসুমের প্রথম এল ক্লাসিকোর আগে সমীকরণ ছিল এমন যে হারলেই ব্যবধান গিয়ে ঠেকবে ৯ পয়েন্টে এবং শিরোপার সম্ভাবনা ফিকে হয়ে যাবে। সেই অবস্থান থেকে রিয়ালের ঘুরে দাঁড়িয়ে শীর্ষে ফেরার পেছনে বড় অবদান রেখেছেন এই তরুণ।
সংখ্যার বিচারেও তার প্রভাব স্পষ্ট। লা লিগায় রিয়ালের সংগৃহীত ৩৩ পয়েন্টের মধ্যে ৯ পয়েন্টই (প্রায় ২৭.২৭ শতাংশ) এসেছে কার্লোস এসপির গোলের কল্যাণে। লিগে তার তিনটি গোলই এসেছে এমন তিন ম্যাচে, যেখানে সমতা ভেঙে দলের জয় নিশ্চিত হয়েছে।
শুধু ঘরোয়া লিগেই নয়, চ্যাম্পিয়ন্স লিগেও দ্যুতি ছড়িয়েছেন এসপি। মাসখানেক আগে রোমার মাঠে ২ গোলে পিছিয়ে পড়া রিয়ালের ঐতিহাসিক কামব্যাকের গল্প শুরু হয়েছিল তার হাত ধরেই; ম্যাচের ৮৬ মিনিটে গোল করে দলকে ফেরার পথ দেখান তিনি।
সব মিলিয়ে চলতি মৌসুমে এসপির গোল চারটি এবং প্রতিটিই এসেছে ম্যাচের ৮০ মিনিটের পর। এসপানিওলের বিপক্ষে ৯০ মিনিটে, এলচের বিপক্ষে ৯১ মিনিটে, রোমার মাঠে ৮৬, আর সেলতার বিপক্ষে ৮৫ মিনিটে।
এই চার ম্যাচে এসপি মাঠে ছিলেন যথাক্রমে ১১, ৫, ১২ ও ১২ মিনিট—মোট ৪০ মিনিট। আর চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি খেলেছেন মাত্র ৬২ মিনিট, তাতেই করেছেন ৪ গোল। অর্থাৎ প্রতি ১৫ দশমিক ৫ মিনিটে একটি করে গোল করেছেন তিনি।
তারকাখচিত স্কোয়াড হওয়ায় কোচ জোসে মরিনিও এখনো তাকে শুরুর একাদশে সুযোগ দিতে পারছেন না। তবে মুখের কথায় নয়, বরং বদলি হিসেবে নেমে একের পর এক ম্যাচ জিতিয়ে শুরুর একাদশে নিজের দাবি জোরালোভাবেই জানিয়ে যাচ্ছেন কার্লোস এসপি।
ডিআর




