বৃষ্টি বাগড়ায় সেঞ্চুরিয়ন টেস্টের ব্যাটিংয়ের শুরুতেই ধাক্কা খেয়েছে বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার বোলারদের তোপে ২৭ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৮৫ রান সংগ্রহ করেছে টাইগাররা। এই স্কোরেই চা বিরতিতে গেছে খেলা। জাকের আলী ০ রানে অপরাজিত আছেন।
ইনিংসের দ্বিতীয় ওভারেই (১.৫ ওভার) আউট হয়ে যান ওপেনার তানজিদ হাসান। মার্কো ইয়ানসেনের বলে মুল্ডারের হাতে ক্যাচ দিয়ে ৯ বলে মাত্র ৩ রান করে সাজঘরে ফেরেন তিনি। তবে পরের ওভারে কাগিসো রাবাদাকে বাউন্ডারি মেরে পাল্টা আক্রমণের ইঙ্গিত দিয়েছিলেন আরেক ওপেনার মাহফিজুল ইসলাম।
ক্রিজে এসে শুরুতেই বিপদে পড়েছিলেন অভিজ্ঞ মুমিনুল হক। আনরিখ নর্কিয়ার বলে মুমিনুলের বিরুদ্ধে এলবিডব্লুর জোরালো আবেদন হলেও আম্পায়ার সাড়া দেননি এবং দক্ষিণ আফ্রিকাও রিভিউ নেয়নি; পরে রিপ্লেতে দেখা যায়, বল স্টাম্পে লাগলেও আম্পায়ারস কলে তিনি বেঁচে যেতেন।
১৩.২ ওভারে দলীয় ৪০ রানে নর্কিয়ার বলে বোল্ড হয়ে ফেরেন মাহফিজুল ইসলাম। ৪০ বলে ৪টি চারের মারে ২৩ রান করেন তিনি। এরপর উইকেটে এসে প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, কিন্তু পরের বলেই (১৩.৪ ওভার) নর্কিয়ার শিকার হয়ে বোল্ড হন তিনি। ২ বলে ৪ রান করেন শান্ত।
পরবর্তীতে দলীয় ৬০ রানে (২০.২ ওভার) মুল্ডারের বলে বোল্ড হয়ে ফেরেন মুমিনুল হক; আউট হওয়ার আগে ৫১ বলে ২টি চারের সাহায্যে ১৮ রান করেন তিনি। এরপর লিটন দাস ১৬ বলে ৮ রান করে ইয়ানসেনের বলে জুবায়ের হামজার হাতে ক্যাচ দেন (২৫.৪ ওভার)। আর ২৬.৬ ওভারে দলীয় ৮৫ রানে সাইমন হারমারের বলে মার্করামের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তৌহিদ হৃদয়। ৪২ বলে ২টি চার ও ১টি ছক্কায় ১৯ রান করেন তিনি।
দক্ষিণ আফ্রিকার হয়ে ইয়ানসেন (৭ ওভারে ১৩ রানে ২ উইকেট) ও নর্কিয়া (৬ ওভারে ১০ রানে ২ উইকেট) দুটি করে উইকেট নিয়েছেন। এ ছাড়া মুল্ডার (৬ ওভারে ১৫ রানে ১ উইকেট) ও হারমার (২ ওভারে ১৭ রানে ১ উইকেট) একটি করে উইকেট পান।
এর আগে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। দ্বিতীয় এই টেস্টে বাংলাদেশের একাদশে তিনটি পরিবর্তন আনা হয়েছে। উল্লেখ্য, ২০১৯ সালের পর এই ম্যাচে প্রথমবার চার পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। সাত বছর আগে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে আবু জায়েদ রাহি, ইবাদত হোসেন, সৌম্য সরকার ও মোস্তাফিজুর রহমানকে নিয়ে চার পেসারের একাদশ নামিয়েছিল টাইগাররা।
ডিআর




