ফুটবল মাঠে জাদুকরী পারফরম্যান্সে কোটি ভক্তকে মুগ্ধ করেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তবে ছোটবেলায় পড়াশোনায় কেমন ছিলেন তিনি, তা নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। এবার প্রকাশ্যে এসেছে মেসির শৈশবের স্কুলজীবনের একটি পুরোনো মার্কশিট।
আর্জেন্টিনার রোজারিও শহরের প্রাথমিক বিদ্যালয় ‘এস্কুয়েলা নম্বর ৬৬ জেনারেল লাস হেরাস’-এর সপ্তম শ্রেণির হাতে লেখা একটি সরকারি রেজিস্ট্রার খাতা থেকে মেসির পড়াশোনার এই তথ্য সামনে এসেছে।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘লা নাসিওন’ এবং ক্রীড়া সাংবাদিক পাবলো গিরাল্টের মাধ্যমে প্রকাশিত নথি অনুযায়ী, পড়াশোনায় খুব একটা মেধাবী ছিলেন না ছোট্ট মেসি। তবে শারীরিক শিক্ষায় ছিলেন অসাধারণ।
১০ নম্বরের মূল্যায়নে শারীরিক শিক্ষা বিষয়ে পূর্ণ ১০ নম্বর পেয়েছিলেন তিনি। চারুকলা ও সংগীতে পেয়েছিলেন ৮ এবং নৈতিক শিক্ষায় ৭।
অন্যদিকে গণিত, ভাষা, সমাজবিজ্ঞান, বিদেশি ভাষা ও প্রযুক্তি—এই পাঁচটি বিষয়ে প্রতিটিতে ১০-এর মধ্যে ৬ নম্বর পেয়েছিলেন মেসি।
শৈশবে মেসি কেমন ছিলেন, সে বিষয়ে স্মৃতিচারণ করেছেন তাঁর স্কুলের সাবেক শিক্ষিকা আন্দ্রেয়া সোসা ও মনিকা ডোমিনা। তাঁদের ভাষ্য অনুযায়ী, ক্লাসে মেসি ছিলেন অত্যন্ত লাজুক, চুপচাপ ও ভদ্র স্বভাবের। খুব একটা কথা বলতেন না। সাধারণত ক্লাসের পেছনের সারিতে বসতে পছন্দ করতেন।
রোজারিওর সেই স্কুলজীবন পেরিয়ে মাত্র ১৩ বছর বয়সে উন্নত চিকিৎসা ও ফুটবল ক্যারিয়ারের লক্ষ্যে পরিবারের সঙ্গে স্পেনে পাড়ি জমান মেসি। সেখানে বার্সেলোনার বিখ্যাত যুব একাডেমি ‘লা মাসিয়া’র অধীনে নিজের ফুটবল ক্যারিয়ার গড়ে তোলার পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যান।





