ভারতের ভুবনেশ্বরে অনুষ্ঠিত বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিক্স মিট-২০২৬-এ ১০টি পদক জিতেছে বাংলাদেশ। তিন দিনের এই প্রতিযোগিতায় দুটি রৌপ্য ও আটটি ব্রোঞ্জ পদক অর্জন করেছেন বাংলাদেশের অ্যাথলেটরা।
ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতার শেষ দিন আজ। তিন দিনের এই আসরের সমাপ্তি ঘোষণা করেন ওড়িশার মুখ্যমন্ত্রী।
প্রতিযোগিতার প্রথম দিন নারীদের ১০০ মিটার স্প্রিন্টে ১২.২৪ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পদক জিতে বাংলাদেশের পদকযাত্রা শুরু করেন সুমাইয়া দেওয়ান। দ্বিতীয় দিন নারীদের ট্রিপল জাম্পে ১৩.২২ মিটার লাফিয়ে রৌপ্য পদক অর্জন করেন স্বপ্না খাতুন।
শেষ দিন আরও আটটি পদক জেতে বাংলাদেশ। এদিন নারীদের লং জাম্পে ৬.০৮ মিটার দূরত্ব অতিক্রম করে রৌপ্য পদক জেতেন স্বপ্না খাতুন। নারীদের ২০০ মিটার স্প্রিন্টে ২৪.৭৩ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পান সুমাইয়া দেওয়ান। নারীদের শটপুটে ১২.৬৪ মিটার দূরত্ব অতিক্রম করে ব্রোঞ্জ পদক অর্জন করেন জাকিয়া সুলতানা। পুরুষদের জ্যাভলিন থ্রোতে ৬৪.৭৫ মিটার দূরত্বে বর্শা নিক্ষেপ করে ব্রোঞ্জ জেতেন হাসিব খান।
এ ছাড়া রিলে ইভেন্টেও সাফল্য পেয়েছে বাংলাদেশ। পুরুষ ও নারী ৪×১০০ মিটার রিলে এবং পুরুষ ৪×৪০০ মিটার রিলেতে ব্রোঞ্জ পদক জিতেছেন বাংলাদেশের অ্যাথলেটরা।





