বীমা খাতে গ্রাহকের আস্থা ফিরিয়ে আনা এবং দীর্ঘদিন ধরে অনিষ্পন্ন থাকা বৈধ বীমাদাবি নিষ্পত্তির উদ্যোগের অংশ হিসেবে আগামী ৮ নভেম্বর বীমাদাবি পরিশোধ কার্যক্রমের চতুর্থ ধাপ অনুষ্ঠিত হবে। এ পর্যায়ে পাঁচটি বীমা প্রতিষ্ঠানের ৫ হাজার ৯৭২ জন পলিসিধারীকে মোট ২০ কোটি ১৪ লাখ ৯৬ হাজার ৩০৮ টাকা পরিশোধ করা হবে।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন মানবকণ্ঠকে এ কথা জানান।
তিনি জানান, প্রতিষ্ঠানভিত্তিক পরিশোধের বিবরণ অনুযায়ী, বায়রা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৪১ জন পলিসিধারী পাবেন ৭ লাখ টাকা। ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১ হাজার ৭৪ জন পলিসিধারী পাবেন ৮ কোটি ৩৭ লাখ টাকা।
এ ছাড়া হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩ হাজার ১৬৩ জন পলিসিধারীকে ৫ কোটি ৪ লাখ ১৪ হাজার ৭০৭ টাকা, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১ হাজার ৩৫০ জন পলিসিধারীকে ৫ কোটি টাকা এবং প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩৪৪ জন পলিসিধারীকে ১ কোটি ৬৬ লাখ ৮১ হাজার ৬০১ টাকা পরিশোধ করা হবে।
আইডিআরএ জানিয়েছে, বীমা গ্রাহকদের দীর্ঘদিনের অনিষ্পন্ন বৈধ দাবি নিষ্পত্তি, তাঁদের ন্যায্য পাওনা নিশ্চিত করা এবং বীমা খাতে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করছে কর্তৃপক্ষ।
গ্রাহকের স্বার্থ সুরক্ষা এবং বীমা খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইডিআরএ।
এসএ

