পোশাক শিল্পে গত কয়েকদিনের অস্থিরতার কারণে দেশের বিনিয়োগে কোনো প্রভাব পড়বে না বলে স্পষ্ট জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে সিলেট শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন আয়োজিত ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, কোনো ধরনের অস্থিরতাই কাম্য নয়, কারণ একটি অস্থিরতা নতুন আরেকটি অস্থিরতার জন্ম দেয়। তবে বিনিয়োগ একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। তাই এই কয়েক দিনের অস্থিরতার কারণে দেশের বিনিয়োগ দুই পা পিছিয়ে বা এগিয়ে যাবে না।
পোশাকশিল্পের সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের প্রভাব প্রসঙ্গে মন্ত্রী উল্লেখ করেন, এ ধরনের পরিস্থিতিতে মালিকপক্ষ, বিদেশি বিনিয়োগকারী ও ক্রেতাদের মাঝে সাময়িক উদ্বেগ তৈরি হওয়াটা খুবই স্বাভাবিক। তবে ইতিমধ্যেই কয়েক দিনের সেই অস্থিরতা নিয়ন্ত্রণে চলে এসেছে। পাশাপাশি শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড গঠন করা হয়েছে। এই বোর্ড সবকিছু বিচার-বিশ্লেষণ করে শ্রমিকদের জন্য উপযুক্ত ও যৌক্তিক মজুরি নির্ধারণ করবে।
সীমান্ত হাট চালু এবং স্থলবন্দরগুলোর পূর্ণ সক্ষমতা ব্যবহারের বিষয়ে মন্ত্রী জানান, এসব কার্যক্রম পুরোপুরি দুই দেশের পারস্পরিক সহযোগিতার ওপর নির্ভরশীল। বাংলাদেশের একক আগ্রহের পাশাপাশি সংশ্লিষ্ট অন্য দেশেরও আগ্রহ ও সহযোগিতার প্রয়োজন রয়েছে। উভয় দেশের সম্মিলিত উদ্যোগেই এসব কার্যক্রম পুনরায় চালু ও সম্প্রসারণ করা সম্ভব হবে।
এর আগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততা ও দেশপ্রেমের আদর্শ অনুসরণ করে দেশের অর্থনীতি পুনরুদ্ধার এবং রাষ্ট্রের প্রতিটি স্তরে জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান। তিনি বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসের একটি ভাগ্য পরিবর্তনের দিন। এই দিনের মাধ্যমেই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার আকাঙ্ক্ষা নতুন করে প্রতিষ্ঠিত হয়েছিল। সীমিত সম্পদ ও নানা প্রতিকূলতার মাঝেও যে বাংলাদেশের এগিয়ে যাওয়ার অনন্য সক্ষমতা রয়েছে, তা জিয়াউর রহমান প্রমাণ করেছিলেন।
সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য এম এ মালিক, অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী ও তাহসিনা রুশদির লুনা, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম এবং রেঞ্জ ডিআইজি মো. জাহাঙ্গীর হোসেন।
ডিআর

