যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলার খবরকে ‘কাল্পনিক’ আখ্যা দিয়ে যুদ্ধ বন্ধের জন্য ওয়াশিংটনকে সাতটি শর্ত বেঁধে দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজাই জানিয়েছেন, তেহরানের দেওয়া এসব শর্ত মেনে নেওয়ার সময় এসেছে যুক্তরাষ্ট্রের।
অন্যদিকে, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, সামরিক দিক থেকে ইরানের সক্ষমতা কার্যত শেষ হয়ে গেছে।
আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সাফ জানিয়ে দিয়েছেন, কেবল সামরিক অভিযান কিংবা নৌ অবরোধ দিয়ে সংঘাতের অবসান ঘটানো সম্ভব নয়। হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা কিংবা যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে বসার আগে ইরান যে ৭টি শর্ত দিয়েছে, তা হলো:
১. লেবানন, গাজা ও ইয়েমেনসহ সব ফ্রন্টে সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করা।
২. জব্দ করা সব ইরানি সম্পদ মুক্ত করা।
৩. তেহরানের ওপর আরোপিত সকল অর্থনৈতিক ও রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার।
৪. নৌ অবরোধ সম্পূর্ণ তুলে নেওয়া।
৫. অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের নৌ ও বিমানবাহিনী সম্পূর্ণ প্রত্যাহার করা।
৬. সর্বশেষ যুদ্ধের ফলে সৃষ্ট সব ক্ষয়ক্ষতির পূর্ণ ক্ষতিপূরণ দেওয়া।
৭. ইরানের বিরুদ্ধে সব ধরনের হুমকি ও অপমানজনক বক্তব্য বন্ধ করা।
সোমবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠক করেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি। বৈঠক শেষে কাতারের প্রধানমন্ত্রী জানান, আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা ও সম্ভাব্য সমঝোতা নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।

