দেশের নিজস্ব সঞ্চয়, ব্যাংক ও বিভিন্ন তহবিলকে সামাজিক ও পরিবেশগত কল্যাণে বিনিয়োগের মাধ্যমে কাজে লাগানোর সম্ভাবনা নিয়ে আগামী ২ ও ৩ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট দিবস ২০২৬’। দুই দিনব্যাপী এ সম্মেলনে বিনিয়োগকারী, নিয়ন্ত্রক সংস্থা, আর্থিক মধ্যস্থতাকারী ও ইমপ্যাক্ট উদ্যোক্তারা অংশ নেবেন।
‘মোবিলাইজিং ডোমেস্টিক ক্যাপিটাল’ (দেশীয় পুঁজির কার্যকর ব্যবহার) প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে ১৪টি দেশের ৬০ জনের বেশি বক্তা অংশ নেবেন। তাঁদের মধ্যে ১৮ জন বিদেশি বক্তা রয়েছেন। স্থানীয় ও আন্তর্জাতিক ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট ইকোসিস্টেমের প্রতিনিধিরাও এতে যোগ দেবেন।
ন্যাশনাল অ্যাডভাইজরি বোর্ড (ন্যাব) ফর ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ, জিএসজি ইমপ্যাক্ট ও সহযোগী প্রতিষ্ঠানগুলোর উদ্যোগে সম্মেলনটি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার রাজধানীতে ন্যাবের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সম্মেলনের কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে ন্যাব বাংলাদেশের সিইও ফরহাদুর রেজা দেশের ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট খাতের বর্তমান পরিস্থিতি ও সম্মেলনের দিকনির্দেশনা তুলে ধরেন।
বক্তারা বলেন, বাংলাদেশ উচ্চ-মধ্যম আয়ের দেশে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে। আগামী বছরগুলোতে সহজ শর্তের বৈদেশিক সহায়তার ওপর নির্ভরতা কমে আসার সম্ভাবনায় দেশের নিজস্ব পুঁজির কার্যকর ব্যবহার আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ব্যক্তিগত সঞ্চয়, ব্যাংকিং খাতের সম্পদ, পেনশন ও বিমা তহবিল, ইসলামী অর্থায়ন এবং প্রবাসীদের পাঠানো অর্থকে এমন বিনিয়োগে কাজে লাগানোর সুযোগ রয়েছে, যা আর্থিক মুনাফার পাশাপাশি পরিমাপযোগ্য সামাজিক ও পরিবেশগত ইতিবাচক প্রভাব সৃষ্টি করবে।
আয়োজকদের মতে, দেশীয় পুঁজি ইতোমধ্যে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ, জলবায়ু সহনশীলতা, নারী উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছে। এসব উদ্যোগ আরও বিস্তৃত ও কার্যকর করার উপায় নিয়েও সম্মেলনে আলোচনা হবে।
সম্মেলনের প্রথম দিন উদ্বোধনী বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপনার পর ‘স্টার্টআপওয়ার্ডস’ (StartUpwards) প্রদর্শনী উদ্বোধন করা হবে। এতে ইমপ্যাক্ট স্টার্টআপ ও উদ্যোক্তারা নিজেদের উদ্যোগ তুলে ধরার সুযোগ পাবেন। এ ছাড়া ইকোসিস্টেমের সহায়ক শক্তি ও স্থানীয় উদ্যোক্তাদের অর্জন নিয়ে প্যানেল আলোচনা, গ্লোবাল চেঞ্জ অ্যাওয়ার্ড উদ্যাপন এবং ইমপ্যাক্ট অর্থনীতির জন্য অর্থায়ন সংগ্রহে আঞ্চলিক আলোচনা অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় দিন ঝুঁকিপুঁজি ও বেসরকারি বিনিয়োগ, ইমপ্যাক্ট ট্রান্সপারেন্সি ও প্রভাব পরিমাপ এবং ইমপ্যাক্ট অর্থনীতিতে সরকারের ভূমিকা নিয়ে আলোচনা হবে। পাশাপাশি বিনিয়োগ খাতের সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে সমান্তরাল অধিবেশন ও কর্মশালা অনুষ্ঠিত হবে। এদিন ইমপ্যাক্ট খাতে বিশেষ অবদান রাখা নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের ‘ইমপ্যাক্ট ইনভেস্টার’ (Impact InveSTAR) স্বীকৃতি দেবে ন্যাব।
সম্মেলনে বাংলাদেশ ছাড়াও অস্ট্রেলিয়া, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, নেদারল্যান্ডস, স্পেন, শ্রীলঙ্কা ও সুইজারল্যান্ডের প্রতিনিধিরা অংশ নেবেন। দক্ষিণ-দক্ষিণ আঞ্চলিক সহযোগিতা নিয়ে বিশেষ প্যানেল আলোচনায় শ্রীলঙ্কা, ভারত, ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়ার প্রতিনিধিরা অংশ নেবেন। এ ছাড়া বিভিন্ন বিজনেস স্কুলে মাস্টারক্লাস এবং বিদেশি প্রতিনিধিদের সঙ্গে নিয়ন্ত্রক সংস্থা, উদ্যোক্তা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর একান্ত বৈঠকের আয়োজন থাকবে।
সংবাদ সম্মেলনে ন্যাবের সদস্য প্রতিষ্ঠান অ্যাকশনএইডের প্রতিনিধি জায়েদ আল ইব্রাহিম প্রচলিত বিনিয়োগ ও ইমপ্যাক্ট বিনিয়োগের পার্থক্য তুলে ধরেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিল্ড বাংলাদেশের পরিচালক ইদা কাউসার বলেন, দেশীয় পুঁজি ব্যবহারের মাধ্যমে ইমপ্যাক্ট ইনভেস্টমেন্টের সাহায্যে বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত উন্নয়ন নিশ্চিত করার ব্যাপক সম্ভাবনা রয়েছে।
২০১৮ সাল থেকে বাংলাদেশে ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে ন্যাব। সংস্থাটির সচিবালয় পরিচালনার দায়িত্বে রয়েছে বিল্ড বাংলাদেশ। এ উদ্যোগের সহযোগী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে জিএসজি ইমপ্যাক্ট, জিএসজি জাপান, বিল্ড বাংলাদেশ, ইমপ্যাক্ট ইনভেস্টিং অস্ট্রেলিয়া, জাইকা, সুইস কন্ট্যাক্ট, সুইজারল্যান্ডের দূতাবাস, ব্র্যাক, ইউসিবি ব্যাংক, সাজিদা ফাউন্ডেশন, এএনডিই, বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট, নর্থ সাউথ ইউনিভার্সিটি ও ইমপ্রেস ক্যাপিটাল লিমিটেড। এ ছাড়া ন্যাবের অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ভারত ও ইন্দোনেশিয়া চ্যাপ্টারও এ উদ্যোগের সঙ্গে যুক্ত রয়েছে।





