দেশে ‘মব জাস্টিস’ ভয়াবহ রূপে আবির্ভূত হয়েছে। মানুষ প্রশাসনের উপরে কোনোরকম তোয়াক্কা না করেই নিজের হাতে আইন তুলে নিয়ে এমন সব ঘটনা ঘটাচ্ছে তা কোনো রকমেই গ্রহণযোগ্য নয়। বিশেষত পূর্বতন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তৎকালীন প্রশাসনের যে ভূমিকা তার কারণে প্রশাসনের প্রতি ছাত্র-জনতার যে বিশ্বাসযোগ্যতা তৈরি হয়েছে সে কারণে এমন সব ঘটনা ঘটতে পারে বা তৎকালীন সরকারের আমলে সবক্ষেত্রে যে নৈরাজ্য তার প্রতি ক্ষোভ থেকেও হতে পারে বলে বিশেষজ্ঞ মহল মনে করেন।
এক্ষেত্রে মব জাস্টিস বললে আভিধানিক অর্থ কি দাঁড়ায় এ বিষয়ের উপরে আলোকপাত করা যেতে পারে। ‘মব’ অর্থ উত্তাল জনতা বা উচ্ছৃঙ্খল জনতা। আর জাস্টিস (justice) অর্থ বিচার বা ন্যায়বিচার। ‘মব জাস্টিস’ অর্থ উত্তাল জনতা বা উচ্ছৃঙ্খল জনতার বিচার। মব জাস্টিস অনুৎসাহিত করতে প্রায়ই বলা হয়ে থাকে ‘আইন নিজের হাতে তুলে নিবেন না।’ তারপরও অঘটন ঘটছেই। ‘মব জাস্টিস’ বা ‘মব লিঞ্চিং’ শব্দ দুটির ব্যবহারও ইদানীং বেড়েছে। সামাজিক সংকটের কারণে বিষয়গুলো অনেকটা ‘কান নিয়েছে চিলে’র মতো ঘটে যাচ্ছে। কোনো ঘটনার পূর্বাপর না ভেবে জনতা নিজেরাই সিদ্ধান্ত নিচ্ছে কী করতে হবে কিংবা না বুঝেই ছুটছে ঘটনার পেছনে। যার ফলাফল হত্যা, হেনস্তা কিংবা লাঞ্ছনার মতো ঘটনার অবতারণা হচ্ছে।
মব জাস্টিসের ঘটনাগুলো নতুন নয়, তবে এখন তা পত্র-পল্লবে বিকশিত হয়ে ভয়াবহ রূপ নিয়েছে। সম্প্রতি ‘মব জাস্টিস’র নামে যেসব অঘটন ঘটছে যে কারণে জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সারাদেশে। প্রতিদিনই দেশের কোথাও না কোথাও মব জাস্টিসের নামে মারামারি, অত্যাচার কিংবা হত্যার মতো ঘটনা ঘটছে।
মব জাস্টিসের প্রথম দেখা মেলে বিভিন্ন সময় চোর-ডাকাতের ক্ষেত্রে। কিন্তু ২০১১ সালে এটা ভিন্নরূপে আমাদের সামনে অভিভূত হয়। ২০১১ সালের ২৭ জুলাই নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর কাঁকড়া এলাকায় ডাকাত সাজিয়ে কিশোর শামছুদ্দিন মিলনকে পিটিয়ে হত্যার ঘটনার মধ্য দিয়ে মব জাস্টিসের নির্মমতার ঘটনা ঘটেছিল। যে ঘটনা এখনো মানুষকে নাড়া দেয়। শামছুদ্দিন মিলন নামে এই কিশোরকে পুলিশ গাড়িতে করে এনে জনতার হাতে ছেড়ে দেয়া হয়। সেখানে পুলিশের উপস্থিতিতেই মিলনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়।
এরপরেই ২০১১ সালের জুলাই মাসে আমিনবাজারে ‘ডাকাত’ সন্দেহে মেরে ফেলা হয়েছিল ৬ ছাত্রকে। ২০১৯ সালে ছেলেধরা সন্দেহে রাজধানীর উত্তর বাড্ডায় তসলিমা বেগম রেণু নামে এক নারী হত্যার ঘটনা নিশ্চয়ই মানুষ এখনো ভোলেনি। বিশ্বজিৎ দাস হত্যাকাণ্ড সংঘটিত হয় ২০১২ সালের ডিসেম্বর মাসের ৯ তারিখ। ছাত্রলীগের কর্মীরা বিশ্বজিৎ দাসকে বিনা কারণে প্রকাশ্য-দিবালোকে শত শত মানুষ ও আইনরক্ষা বাহিনীর সদস্য এবং সাংবাদিকদের ক্যামেরার সামনে নৃশংসভাবে হত্যা করে। ওইদিন সকাল থেকে বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে সরকারবিরোধী আন্দোলন চলছিল। পঁচিশ বৎসর বয়সী দর্জি বিশ্বজিৎ দাস জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকা দিয়ে হেঁটে পার হওয়ার সময় আন্দোলনবিরোধীরা তাকে আঘাত-হানা শুরু করে। আঘাতে আঘাতে অচেতন হয়ে অত্যধিক রক্তক্ষরণে অচিরেই তার মৃত্যু হয়।
সম্প্রতি এমন আরও একটি ঘটনা ঘটেছে রাজশাহীতে, গত ৭ সেপ্টেম্বর আব্দুল্লাহ আল মাসুদ নামের এক সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে মারা হয়েছে। সবশেষ ১৮ সেপ্টেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ও রাজশাহীতে তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। একজনকে চোর সন্দেহে, অন্য দুজন ছাত্রলীগ নেতা হিসেবে। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে প্রশাসনের নাগের ডগায় এমন হত্যাকাণ্ড নাড়া দিয়েছে সব শ্রেণির মানুষকে। মনে করিয়ে দিয়েছে বুয়েটের শিক্ষার্থী আবরারের নৃশংস হত্যাকাণ্ডকে।
তবে এমন ‘মব জাস্টিস বা ‘উন্মুক্ত জনতার বিচার’ নতুন নয়। এটাকে ‘বিচার’ বলতে চান না কেউ কেউ। বিচার একটি পজিটিভ শব্দ। কিন্তু মব জাস্টিসের নামে যেটা ঘটছে সেটা ভয়াবহ। যে বিচারের অর্থ হয়ে উঠেছে গণপিটুনি, অপমান, হত্যা কিংবা আইনের প্রতি অশ্রদ্ধা। মব জাস্টিস কিংবা গণপিটুনিতে মানুষকে হত্যা করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। বিগত সরকারের আমলে একধরনের মব জাস্টিস ছিল, বর্তমান সরকারের আমলে আরেক ধরনের মব জাস্টিস চলছে। এটা কোনোভাবে চলতে পারে না। মব জাস্টিস খোদ আদালত প্রাঙ্গণেও হয়েছে। বিভিন্ন স্থানে মাজার, দরবার, খানকায় হামলা হচ্ছে। আর এসব হামলার বিরুদ্ধে সরকার নির্দেশ দিয়েই চুপচাপ বসে আছে। সরকার অনেক কিছুই করছে। কিন্তু এখন পর্যন্ত তারা কী করতে চায়, কতদিনে করতে চায়, সে সম্পর্কে একটি রোডম্যাপ বা রূপরেখার কোনো সাক্ষাৎ মেলেনি। ফলে জনমনে একধরনের শঙ্কা ভয়ংকর আকার নিয়েছে।
মাঠপর্যায়ে ডিসি, এসপি ও ইউএনওরা যদি হামলা ও লুটপাট বন্ধ করতে না পারেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে না কেন? এ ব্যাপারে পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ বিষয়ে যে কঠোর বার্তাটি দিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেষ্টার অনুরূপ বার্তা দেয়া উচিত। রিজওয়ানা বলেছেন, ‘আমি অন্য কিছু দেখব না। পরিবেশের জন্য ক্ষতিকর কিছু ঘটলে ডিসিএসপিদের কাছে কৈফিয়ত চাইব।’ অন্তর্বর্তী সরকারের বয়স দেড় মাস হতে চলল। দু-একটি ক্ষেত্র ছাড়া আমরা কোথাও সরকারের তেমন সক্রিয়তা দেখি না। বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই নাজুক।
২০২৪ সালের ১১ সেপ্টেম্বর ডয়েচে ভেলের এক প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে ২০১১ থেকে ২০১৮ সাল পর্যন্ত গণপিটুনিতে ৮০০ জনকে হত্যা করা হয়েছিল। গত সাড়ে ছয় বছরে গণপিটুনিতে নিহত হয়েছে আরও প্রায় ২৮৬ জন। এর মধ্যে ২০২৪ সালে নির্বাচনের পর গত ৭ মাসে (জানুয়ারি-জুলাই) গণপিটুনিতে নিহত হন ৩২ জন। ঢাকাতেই নিহত হন ১৬ জন।
৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বড় আকারে ‘মব জাস্টিস’ ভয়ংকর আকার নিয়েছে। বাংলাদেশে এই আইন নিজের হাতে তুলে নেয়ার প্রবণতা আগে যে দেখা যায়নি তা নয়। কিন্তু এবার চোর-ডাকাতের মধ্যে সীমাবদ্ধ নেই। এবার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান বা কর্মকর্তাদের জোর করে পদত্যাগে বাধ্য করা, মারপিট করে তাড়িয়ে দেয়, আদালত এলাকায় আসামিদের ওপর হামলা, কোথাও কোথাও পিটিয়ে, কুপিয়ে হত্যার মতো ঘটনাও ঘটেছে। কিন্তু কোনো ঘটনায়ই জড়িত কাউকে গ্রেপ্তার করা বা আইনের আওতায় আনার মতো খবর এখনো পাওয়া যায়নি। প্রধান উপদেষ্টা বা উপদেষ্টাদের হুঁশিয়ারি এবং ‘মব জাস্টিস’ দুই-ই চলছে সমান্তরালে। প্রকৃতপক্ষে কোনো জায়গায় যেন কারো নিয়ন্ত্রণ নেই।
শেখ হাসিনা সরকারের পতনের পরে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় ৮ আগস্ট। এরপর শুরু হয় মামলা। পাইকারি হারে চলছে মামলা। কোনো বাছ-বিচার না করে গণহারে আসামি করা হচ্ছে। সাংবাদিকদের গ্রেপ্তার করা হচ্ছে, তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। সাংবাদিক কয়েকজন গ্রেপ্তার হয়েছে পালাতে গিয়ে। দেশে একজন সাংবাদিক কখন পালায়? যখন তার মূল্যবোধের জোর থাকে না। মন্ত্রী-এমপি সবার কেস এক। রাষ্ট্রীয় সুবিধা নেয়ার কারণে তারা অভিযুক্ত। কিন্তু যে যে অভিযোগে অভিযুক্ত তাকে সেই মামলায় গ্রেপ্তার না করে অন্য মামলায় ঝুলিয়ে দেয়া হচ্ছে। এটা কোনোমতেই সমর্থনযোগ্য নয়।
বিগত সরকারের সময়ে বিএনপির নেতা-কর্মীদের উপরে যে দমন-পীড়ন চলেছে তারমধ্যেও জেল-জুলুম সহ্য করেও তারা নিশ্চিহ্ন হয়নি। প্রান্তিক অবস্থায় দাঁড়িয়েও তারা ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে ক্ষীণ ধারায় হলেও মাঠে সরব থেকেছে। অথচ দেড় যুগ ক্ষমতায় থাকার পরও আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের পালানো এবং দেশত্যাগ তাদের মূল্যবোধহীনতা বা দুর্নীতিগ্রস্তার জানান দিচ্ছে। নতুবা ক্ষমতায় না থাকলেও এত বছরের একটি পুরনো দল মাঠে থাকবে না? এটা কি করে সম্ভব?
বর্তমান সময়ে মব জাস্টিস সম্পর্কে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক বলেছেন, ‘৫ আগস্টের পর থেকে যেসব ঘটনা ঘটছে তা আমার অ্যালার্মিং মনে হচ্ছে। এই ধরনের ঘটনা আমরা প্রত্যাশা করিনি। পিটিয়ে মারা- সব ঘটনায় আমরা অতিষ্ঠ হয়ে গেছি। কয়েকদিন আগে সাত রাস্তার মোড় বন্ধ করে ছাত্ররা আন্দোলন করলো। আমাদের গাড়িগুলো আটকে গেল। ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে গল্প করছিল। কেউ কোনো দায়িত্ব পালন করছে না, যে যার মতো চলছে। বাংলাদেশে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে এখানো ক্লাস শুরু হয়নি। ৫০টির মতো বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রোভিসিকে পদত্যাগে বাধ্য করা হয়েছে। দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে জোর করে সরিয়ে দেয়া হয়েছে। শিক্ষকদের ওপর হামলাও হয়েছে। হামলা হয়েছে সংখ্যালঘুদের ওপর। বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে হামলা ও আগুনের ঘটনা পরিস্থিতি ভয়াবহ করে তুলেছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার নামের শিল্প প্রতিষ্ঠানটি রীতিমতো ‘উৎসব করে’ ধ্বংস করা হয়েছে।’
এখন চলছে মাজার ভাঙার মতো নাশকতা। নারায়াণঞ্জের দেওয়ানবাগীর মাজারসহ আরো কয়েকটি মাজার ধ্বংস করে দেয়া হয়েছে। ঢাকার গোলাপ শাহ মাজারে চলছে আতঙ্ক। সেটাও ভেঙে দেয়ার হুমকি দেয়া হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন ও অপরাধ বিজ্ঞানের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন এ ব্যাপারে বলেছেন, ‘‘দীর্ঘদিন ধরে মানুষের মধ্যে হতাশা ও বিচারহীনতার কারণে এই ‘মব জাস্টিস’ চলছে। কিন্তু এখানে আমি দায়িত্বহীনতাও দেখতে পাই। এখন যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে, তারাও এই বিষয়ে পর্যাপ্ত ব্যবস্থা নিচ্ছে না। এই অন্তর্বর্তীকালীন সরকার যদি দ্রুত এসব মব জাস্টিসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেয় তাহলে বড় ধরনের ম্যাসাকার হলেও করার কিছু থাকবে না।
বাংলাদেশের থানাগুলোতে হামলা ও অস্ত্র লুটের ভয়াবহ ঘটনা ঘটেছে। লুটের অস্ত্র এখনো উদ্ধার হয়নি। সামরিক বাহিনী অস্ত্র উদ্ধারে তৎপর। ইতোমধ্যে তারা অস্ত্র উদ্ধারে কাজ করছে তাতে সাফল্যও এসেছে। কিন্তু আতঙ্কে অনেক পুলিশ সদস্য এখনো কাজে যোগ দেননি। ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের সাবেক প্রধান ও সাবেক ডিআইজি সৈয়দ বজলুল করিম এ পরিস্থিতি প্রসঙ্গে বলেছেন, এখন আইন নিজের হাতে তুলে নেয়ার যে ভয়ঙ্কর প্রবণতা চলছে, তা কোনো সভ্য সমাজে চলতে পারে না। বর্তমান অন্তর্বর্তী সরকারের উচিত হবে এসব মব জাস্টিসের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া।”
যেহেতু দেশে একটি বিদ্যমান সরকার আছে, সচেতন সমাজ আছে। যে কোনো কিছুতে আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনের সহায়তায় সমস্যা সমাধান করা উচিত। ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম বলেছেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে উদ্বেগ জানানো হয়েছে। কিন্তু যারা এসব কাজ করছে, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার তেমন উদাহরণও দেখা যাচ্ছে না।
অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, এসব ঘটনায় সমাজে বিশৃঙ্খলা তৈরি, আইনের শাসনের প্রতি অনীহা এবং ভবিষ্যতে প্রতিশোধ স্পৃহা তৈরি করতে পারে। যে কোনো মূল্যে এসব ঘটনা ঠেকানো না গেলে ভবিষ্যতে আরও ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। দীর্ঘ ১৫ বছরের আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের স্বৈরতান্ত্রিক কর্তৃত্ববাদী আচরণ, দুর্নীতি আর অবর্ণনীয় দমন-পীড়ন, বাজার, সিন্ডিকেট, লুটপাট সব মিলিয়ে অতিষ্ঠ হয়ে উঠেছিল দেশের মানুষ। মানুষ যখন ক্রমাগত অন্যায় আর বিচারহীনতায় অতিষ্ঠ হয়ে উঠে তখনই ‘মব জাস্টিসে’র নামে ‘লিঞ্চিং মবে’র প্রেক্ষাপট তৈরি হয়। এ ধরনের বিচারে অনেক সময় সাধারণ মানুষও ক্ষতিগ্রস্ত হয়।
মব জাস্টিস সংগঠিত হওয়ার পেছনে মোটাদাগে যেসব কারণ উল্লেখ করা যায় এসব কারণের মধ্যে রয়েছে- আইন প্রণয়নের অভাব, অব্যবস্থাপনা, প্রশাসনিক ও আইনি ব্যবস্থা যদি দুর্বল বা অকার্যকর হয়, তখন মানুষ নিজের হাতে ব্যবস্থা নিতে পারে। কখনও কখনও সামাজিক বা রাজনৈতিক উত্তেজনার কারণে জনগণ আইন প্রণয়ন ও প্রয়োগের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলতে পারে এবং নিজস্ব বিচার ব্যবস্থার দিকে ঝুঁকতে পারে। মব জাস্টিস প্রতিরোধ করার জন্য একটি শক্তিশালী ও স্বাধীন বিচার ব্যবস্থা গড়ে তোলার বিকল্প নেই।
এজন্য সরকারকে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে শক্তিশালী করতে হবে এবং দুর্নীতি দমনে কঠোর ব্যবস্থা নিতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, জনসচেতনতা বৃদ্ধি। তা না হলে মানুষ জানবে না তাদের অধিকার কতটুকু, তা প্রয়োগের স্বাধীনতাই বা কতটুকু। সব জেনে-শুনে মব জাস্টিসের বিরুদ্ধে কথা বলতে হবে। নতুবা এই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। যেটা কোনোমতেই কাক্সিক্ষত নয়। সবচে বড় কথা হলো, মব জাস্টিস বন্ধ না হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে রাষ্ট্র সংস্কার কর্মসূচি তা বাধাগ্রস্ত হবে।
লেখক: সাংবাদিক ও গবেষক।
মানবকণ্ঠ/এফআই

