২০২৭ শিক্ষাবর্ষের সব পাঠ্যপুস্তক ২০২৬ সালের ডিসেম্বর মাসের মধ্যেই দেশের সব শিক্ষার্থীর হাতে পৌঁছে দেওয়ার কঠোর নির্দেশনা দিয়েছে জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ‘স্নাতক’ নির্ধারণ করে নতুন প্রবিধানমালা তৈরির তাগিদ দেওয়া হয়েছে।
রোববার (৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের স্থায়ী কমিটি কক্ষে আয়োজিত কমিটির দ্বিতীয় বৈঠকে এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও সুপারিশ গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়া।
বৈঠকে কমিটির সদস্য ও শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনসহ কমিটির অন্যান্য সদস্য মোছা. তাহসিনা রুশদীর, মো. সেলিমুজ্জামান মোল্যা, মো. জাহান্দার আলী মিয়া, বীথিকা বিনতে হোসাইন, মো. মুজিবুর রহমান ও আতিকুর রহমান মোজাহিদ উপস্থিত ছিলেন। বৈঠকের শুরুতে আগের সভার কার্যবিবরণী সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয় এবং পরবর্তীতে শিক্ষা খাতের নানাবিধ নীতিনির্ধারণী বিষয়ে বিষদ আলোচনা করা হয়।
১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে সরকারের নির্বাহী আদেশের মাধ্যমে তাদের দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জোর সুপারিশ জানিয়েছে কমিটি। পাশাপাশি এনটিআরসিএ কর্তৃক পরিচালিত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক পদসমূহের চলমান নিয়োগ প্রক্রিয়ার মৌখিক পরীক্ষা আগামী ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন করার তথ্য নিশ্চিত করা হয়।
বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অনিষ্পন্ন আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে কমিটি। বিশেষ করে অসুস্থ ও হজযাত্রী শিক্ষকদের অগ্রাধিকার ভিত্তিতে অর্থ পরিশোধের তাগিদ দেওয়া হয়।
এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে সংসদীয় স্থায়ী কমিটির নিজস্ব উদ্যোগে স্বতন্ত্র অনুসন্ধান ও তদন্ত চালানোর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে কারিগরি শিক্ষার গুণগত মান বাড়াতে শিক্ষা মন্ত্রণালয়কে জরুরি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে কমিটি।
ডিআর

