বাংলাদেশের সঙ্গে নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে চায় যুক্তরাষ্ট্র। একইভাবে দেশটির সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে আগ্রহী বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বুধবার মন্ত্রণালয়ে বৈঠক করেন ঢাকা সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্থনি ব্লিঙ্কেনের বিশেষ উপদেষ্টা ও দেশটির পররাষ্ট্র দফতরের কাউন্সেলর (আন্ডার সেক্রেটারি) ডেরেক শোলে। বৈঠক শেষে দুই পক্ষ এই তথ্য জানান।
ডেরেক শোলে বলেন, বাংলাদেশের সঙ্গে নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ককে আমরা আরও জোরদার করতে চাই। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ৫০ বছরের সম্পর্কের যে ধারাবাহিকতা, সেটিকে আরও এগিয়ে নিতে আমরা আশাবাদী। দারুণ আলোচনা হয়েছে। তিনি বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ যে উদারতা দেখিয়েছে তা অনুসরণীয়। রোহিঙ্গা সংকট সমাধানে এবং বাংলাদেশের জন্য আমরা আমাদের সহযোগীতা অব্যাহত রাখবো।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, আমেরিকা আমাদের সব চেয়ে বড় বিনিয়োগকারী। আমরা সম্পর্ক আরও গভীর করতে চাই। রোহিঙ্গাদের জীবনযাপন আরও উন্নত করতে তারাও আমাদের সঙ্গে একমত।

