সৌদি আরবে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ৭ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। নিহতদের সবার বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায়। তাঁদের মধ্যে একই পরিবারের চারজন এবং অপর একটি পরিবারের তিনজন সদস্য রয়েছেন।
শুক্রবার (৬ নভেম্বর) স্থানীয় সময় রাত আনুমানিক ২টার দিকে মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তিরা একটি যানবাহনে করে মদিনা থেকে জেদ্দার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারালে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে এবং ঘটনাস্থলেই নারী ও শিশুসহ সাতজনের মর্মান্তিক মৃত্যু হয়।
নিহতদের সবাই আল আবির কোল্ড স্টোরস ট্রেডিং কোম্পানির সঙ্গে কর্মসূত্রে সম্পৃক্ত পরিবারের সদস্য। প্রতিষ্ঠানটির মার্কেটিং ম্যানেজার নুরুজ্জামানের সূত্রে জানা যায়, নিহতদের মধ্যে রয়েছেন কোম্পানির স্টোরকিপার জিয়াউর রহমান, তাঁর দুই ছেলে ও এক মেয়ে। এছাড়া ফর্কলিফট চালক ইলিয়াসের স্ত্রী এবং মক্কায় কর্মরত ওই কোম্পানির স্টোরকিপার আলমশাহ ও তাঁর এক মাস বয়সী কন্যাসন্তানও এই দুর্ঘটনায় মারা গেছেন।
দুর্ঘটনার পরপরই সৌদি আরবের স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। একাধিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মরদেহ বর্তমানে মদিনার সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
স্বজনদের কাছে মরদেহ দ্রুত ফিরিয়ে আনার লক্ষ্যে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট ও স্থানীয় প্রবাসীরা আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে কাজ করছেন। এই মর্মান্তিক ঘটনায় চকরিয়াসহ পুরো প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের মাতম চলছে।
ডিআর

