পবিত্র ঈদুল ফিতরের তৃতীয় দিন। আজও রাজধানী প্রায় ফাঁকা। স্বাচ্ছন্দে চলাচল করছে মানুষ। যানজট মুক্ত ঢাকা শহরে নির্বিঘ্নে ছুটে চলছে গাড়ি। গাড়িগুলোতে নেই অতিরিক্ত যাত্রীর চাপ। নেই যানবাহনের অসুস্থ প্রতিযোগিতা। এ যেন এক অন্যরকম ঢাকা শহর। ঈদের তৃতীয় দিনে ভিড় বেড়েছে বিনোদন কেন্দ্রগুলোতে। তীব্র গরম উপেক্ষা করেই আনন্দে মাতোয়ারা নানা বয়সী লোকজন। গানের তালে তালে তরুণ-তরুণীদের যেন বাঁধ ভাঙা উচ্ছ্বাস।
শনিবার (১৩ এপ্রিল) ঈদের তৃতীয় দিন সকাল থেকেই রাজধানীর বিভিন্ন বিনোদনকেন্দ্র ভিড় জমান নানা বয়সী নারী, পুরুষ ও শিশু। এদিন রাজধানীর হাতিরঝিল, ধানমন্ডি লেক, চিড়িয়াখানা, রমনা, সোহরাওয়ার্দী উদ্যান, আগারগাঁওয়ে বিমানবাহিনী জাদুঘর এবং বঙ্গবন্ধু নভোথিয়েটার দেখতে বের হন অনেকে। এ ছাড়াও, অনেকে তিনশ ফিট, মাদানী এভিনিউর একশ ফিট, ডেমরার চিটাগাং রোড, বসিলা ব্রিজসহ ইত্যাদি স্থানেও ভিড় করেন অনেকে।
এদিকে, রাজধানীর বিভিন্ন স্থানে ঈদমেলা ঘিরেও জমজমাট ভিড় লক্ষ্য করা গেছে। পুরান ঢাকার বংশালে সিটি করপোরেশন আয়োজিত ঈদ মেলায় নানান রাইড ঘিরে শিশুসহ নানা বয়সীদের ভিড় দেখা যায়। এখানে শিশুদের জন্য নানারকমের খেলনার পাশাপাশি, রঙ-বেরঙের বেলুন, হাড়ি-পাতিল যেমন পাওয়া যাচ্ছে তেমনি রয়েছে নাগরদোলা, চরকি, স্লাইড ও অন্যান্য খেলার সুব্যবস্থা।
রাজধানীর অন্যতম বিনোদন কেন্দ্র মিরপুর জাতীয় চিড়িয়াখানা। ঈদের তৃতীয় দিন শনিবার সাপ্তাহিক ছুটি। তার পরদিন রোববার আবার পয়লা বৈশাখের ছুটি হওয়ায় সকাল থেকেই চিড়িয়াখানায় দর্শনার্থীদের ছিল উপচেপড়া ভিড়। ঈদের দিন লাখের উপর দর্শনার্থী এলেও গতকাল দুই লাখের বেশি মানুষ চিড়িয়াখানা পরিদর্শনে আসেন। আজ আরও বাড়বে প্রত্যাশা করা যাচ্ছে।
চিড়িয়াখানার পরিচালক ড. মো. রফিকুল ইসলাম তালুকদার গণমাধ্যমকে বলেন, ‘ঈদের দিন চিড়িয়াখানার দর্শনার্থী এসেছিলেন এক লাখের একটু বেশি। গতকাল আমরা যে পরিমাণ দর্শনার্থীর সমাগম আশা করেছি তার থেকেও বেশি এসেছেন। বিকেল পর্যন্ত দুই লাখ দশ হাজারের বেশি দর্শনার্থী এসেছেন।‘ শিশুদের ভিড় বেশি হলেও নানা বয়সী মানুষের পদচারণায় মুখর ছিল। ঢাকার রাস্তাঘাট এখনও ফাঁকা। চারিদিকে চলছে ঈদের আমেজ। আজকে আরও দর্শনার্থীর সংখ্যা বাড়বে।
রফিকুল ইসলাম বলেন, ‘বাঘ, সিংহ, হরিণ, জিরাফের খাঁচায় ভিড় বেশি হলেও সবচেয়ে বেশি আকর্ষণ ছিল সাপের খাঁচা ঘিরে।’
এদিকে, বরাবরের মতোই ঈদের এই ছুটিতে রাজধানীর সব বিনোদন কেন্দ্রকে হার মানিয়েছে হাতিরঝিল। শনিবার সকাল থেকেই নগরবাসীর পদচারণায় মুখর হয়ে ওঠে হাতিরঝিল। হাতিরঝিলের দুই পাশে দাঁড়িয়ে ও বসে আড্ডা মারতে দেখা যায় অনেককে। এ ছাড়াও, অনেকেই বেছে নেন ওয়াটার বোট। ঈদ উপলক্ষ্যে হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সি যাত্রী পরিবহনের পাশাপাশি ভ্রমণের জন্য ব্যবহার করা হচ্ছে। ৩০ মিনিট হাতিরঝিলে ঘুরতে খরচ করতে হচ্ছে জনপ্রতি ৮০ টাকা।
তিন বছরের মেয়েকে নিয়ে সাঁতারকুল থেকে হাতিরঝিলে ঘুরতে এসেছিলেন সাইদ-হাফিজা দম্পতি। পুলিশ প্লাজার পেছনে সিরামিকের হাতি ঘিরে তৈরি পার্ক মতো জায়গায় বসে ছিলেন তারা। পাশেই ঘাসের মধ্যে খেলছিল মেয়ে সায়মা। তারা বলেন, ঈদের ছুটিতে কই যাব ভাবতে ভাবতে আর কোনো জায়গার কথা মাথায় এলো না। তাই হাতিরঝিলেই এলাম। জানতাম এমন ভিড় হবে, তাও ভালো লাগছে। মেয়েটা ঘাসের মধ্যে দৌড়াচ্ছে আর খেলছে। ভালো লাগছে। এত নিরাপদ পরিবেশ আর কোথায় পাব।
এ ছাড়াও, ফাঁকা ঢাকায় পরিবার ও বন্ধুদের সঙ্গে রিকশা বা গাড়িতেও ঘুরতে বেরিয়েছেন অনেকে। অলগলি তো বটেই রাজধানীর প্রধান প্রধান সড়কেও আজ রিকশা চলাচল করছে। ঈদে ভাড়া বেশি হলেও গণপরিবহণ কম থাকায় মানুষ বাধ্য হয়ে রিকশাকেই বেছে নিচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও উঠে এসেছে ঈদের ঘোরাঘুরির চিত্র। কেউ পরিবার নিয়ে রিকশায় ঘোরার ছবি দিচ্ছেন, আবার কেউ বা বিনোদন কেন্দ্রের। আসলে এভাবেই কাটছে রাজধানীবাসীর ঈদ।

