বলিউডের আলোচিত প্রতারক বা ‘কনম্যান’ খ্যাত সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি রুপির চাঁদাবাজি ও জালিয়াতি মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে দিল্লির আদালতে হাজির হতে হয়েছে মরক্কোর বংশোদ্ভূত কানাডীয় মডেল-অভিনেত্রী নোরা ফাতেহিকে।
শুক্রবার (৬ নভেম্বর) আদালতে নিজের বক্তব্য উপস্থাপন করতে গিয়ে ভারতে তাঁর কাজের ভিসা, চেন্নাই সফর এবং সুকেশের স্ত্রী লীনা পলসের সঙ্গে সাক্ষাতের বিস্তারিত আদালতকে জানান তিনি।
এর আগে আদালত নোরাকে দুবার তলব করলেও চলতি মাসের শুরুতে তাঁর আইনজীবী হাজিরা থেকে অব্যাহতির আবেদন জানালে অসন্তোষ প্রকাশ করেছিলেন বিচারক। আদালত অবহেলা না করার সতর্কতা পেয়ে অবশেষে সশরীরে হাজির হন এই অভিনেত্রী।
আদালতে সাক্ষ্য দেওয়ার সময় নোরা ফাতেহি জানান, খ্যাতনামা সংগীত ও চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান ‘টি-সিরিজ’-এর সঙ্গে কাজের চুক্তির আওতায় প্রয়োজনীয় ভিসা নিয়ে তিনি ভারতে অবস্থান করছেন।
সুকেশ চন্দ্রশেখর ও তাঁর স্ত্রী লীনা পলসের সঙ্গে যোগাযোগের সূত্রে দিল্লি পুলিশ আগেই নোরাকে জিজ্ঞাসাবাদ করেছিল এবং পরে সম্পূরক অভিযোগপত্রে তাঁকে রাষ্ট্রপক্ষের সাক্ষী করা হয়। পুলিশের তথ্যানুযায়ী, সুকেশ বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ ও নোরা ফাতেহিসহ বেশ কয়েকজন তারকাকে মূল্যবান উপহার দিতেন। তবে নোরা আদালতে স্পষ্ট করেছেন যে ২০২২ সালে সুকেশ তাঁকে একটি বিএমডব্লিউ গাড়ি উপহার দেওয়ার প্রস্তাব দিলেও তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন।
মাত্র ১৭ বছর বয়স থেকে প্রতারণার জগতে পা রাখা বেঙ্গালুরুর বাসিন্দা সুকেশ চন্দ্রশেখর ভারতের অন্যতম কুখ্যাত জালিয়াতি চক্রের মূলহোতা। রাজনীতি ও ব্যবসা জগতের বড় বড় ব্যক্তিত্বদের নাম ভাঙিয়ে একাধিক মেগাসিটিতে শত শত কোটি টাকার প্রতারণা চালিয়েছেন তিনি।
বর্তমানে দিল্লির রোহিণী কারাগারে বন্দি থাকা অবস্থাতেই সুকেশের বিরুদ্ধে সবচেয়ে বড় জালিয়াতির অভিযোগ ওঠে। ভারতের প্রখ্যাত এক ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সাবেক মালিক শিবিন্দার সিং ও মালবিন্দার সিংয়ের স্ত্রীদের জামিন পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা সেজে প্রায় ২০০ কোটি রুপি চাঁদাবাজি করেন তিনি। বিভিন্ন ভুয়া অ্যাকাউন্ট ও হাওয়ালা চ্যানেলের মাধ্যমে লেনদেন হওয়া এই বিশাল অঙ্কের মামলায় বর্তমানে জেলে আটক রয়েছেন সুকেশ।
ডিআর

