এখন বাংলাদেশে সবচেয়ে ভালো পেশা দুর্নীতি, চুরি। আমলা, রাজনীতিবিদ, ব্যবসায়ীর দুর্নীতির যেন মহোৎসব চলছে। দুর্নীতি, অসততা রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। সমাজের সর্বস্তরে এই রোগের সংক্রমন কোন মতেই ভালো লক্ষণ নয়। এক এরক দুর্নীতিবাজ ধরা পরে আরেক জন দাঁড়ায়। একটা ঘটনাকে আরেকটা ঘটনা যেন দ্রুত বদলে দেয়। দিনের পর দিন ধরে চলছে এই সামাজিক দুর্বৃত্তায়ন।
সরকার দুর্নীতির বিরুদ্ধে বারে বারে অভিযান চালিয়েছে, দুর্নীতির প্রতি জিরো টলারেন্স দেখাতে বলেছে তারপরও বন্ধ হচ্ছে না কিছুই। রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তারা এবং সমাজের ধনী ব্যক্তিদের দুর্নীতি জনগণকে মানসিকভাবে প্রভাবিত করছে। সমাজে দারিদ্র্য ও মধ্যবিত্ত শ্রেণি অসহায়ত্ব অনুভূতি অনুভব করছে। তারা বুঝতে পারছে যে, সমাজের ধনী ব্যক্তিরা রাষ্ট্রকে প্রভাবিত করছে। ব্যক্তিগত লাভের জন্য সরকারি প্রতিষ্ঠান এবং প্রশাসন সমাজের অন্যদের দুর্নীতির সম্মুখীন হওয়া থেকে রক্ষা করে না।
আমাদের দেশে সরকারি- বেসরকারি খাত দুর্নীতিগ্রস্ত। দুর্নীতির মধ্যে রয়েছে সকল প্রকার অনিয়মিত, অনৈতিক এবং বেআইনি লেনদেন। কাঁচাবাজার থেকে বড় প্রতিষ্ঠান সবখানে দুর্বৃত্তায়ণ যেন বাসা বেধেছে। এত দুর্নীতির ভিতরে দেশের অবকাঠামোগত উন্নয়ণ যেন নিরর্থক হয়ে যাচ্ছে। সরকারি কর্তৃপক্ষের প্রতিনিধিত্বকারী ব্যক্তিদের দুর্নীতি সীমাহীন, দিনের পর দিন একটা একটা করে বের হচ্ছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু’র সফরে দুর্নীতিবিরোধী লড়াইয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কমিটমেন্টের ব্যাপারটি গুরুত্বের সাথে তুলে ধরেন। লু’র সফরের পরপরই ২০ মে যুক্তরাষ্ট্র প্রশাসন বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে দুর্নীতিতে জড়িত থাকার কথা জানিয়ে নিষেধাজ্ঞা ঘোষণা করে। দেশের ভিতরে এ ধরনের ঘটনা দেশে বিদেশে যখন মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ে তখোন আসলে করার কিছুই থাকে না।
একজন নাগরিকের এসব শোনা ছাড়া আর কি করার আছে? বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থানের অবনতি হয়েছে। এবার বাংলাদেশের অবস্থান হয়েছে ১০তম, যা গতবার ছিল ১২তম। গত এক যুগের মধ্যে বাংলাদেশে দুর্নীতি এবার সবচেয়ে বেশি। বাংলাদেশে সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে প্রায়ই দুর্নীতির অভিযোগ শোনা যায়। দুর্নীতি দমন কমিশন (দুদক) দুর্নীতিবাজদেও বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলেও তার শেষ কোথায়।
দুর্নীতির শেকড় উৎপাটিত না হলে বারে বারে শুধু দুর্নীতিবাজ ধরাই পড়বে। নির্মূল হবে না। সংকট হলো ক্ষেতের বেড়ায় ক্ষেত খেলে কি করা যাবে? ধরা যাক পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের কথা। তার বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তার মতো মানুষের বিরুদ্ধে এতসব অভিযোগ থাকলে কার বিরুদ্ধে কথা কে কথা বলবে? সম্পদ অনুসন্ধান চলার মধ্যেই বেনজীর আহমেদ গত ৪ মে সপরিবার দেশ ছাড়েন। তিনি ২০২০ সালের এপ্রিল থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি এবং এর আগে ২০১৫ সালের জানুয়ারি থেকে ২০২০ সালের এপ্রিল পর্যন্ত র্যাবের মহাপরিচালক ছিলেন।
আমরা জানি এ ঘটনাও হারিয়ে যাবে। অন্য ঘটনা সামনে আসবে। অর্থাৎ বাংলাদেশ এখন দুর্নীতিতে বিপর্যস্ত। ইতিপূর্বে বালিশকাণ্ড, ক্যাসিনোকাণ্ড,হলমার্ক, পিকে হালদারসহ কত ঘটনা ঘটলো কই তারপরও দুর্নীতি কি থেমে আছে? দুর্নীতি করে রাষ্ট্রীয় অর্থনীতি হরিলুট চলছে। বর্তমানে বাংলাদেশের সমাজ, রাজনীতি, অর্থনীতিসহ জীবনযাত্রার প্রায় সকল ক্ষেত্রে দুর্নীতি এক মহাবিপর্যয়কর পরিস্থিতির উদ্ভব ঘটিয়েছে। রাজনৈতিক ক্ষেত্রেই বর্তমানে ব্যাপকহারে দুর্নীতি চলছে। বর্তমানে বাংলাদেশের কোনো সরকারি দপ্তর বিভাগই দুর্নীতিমুক্ত নয়। ঘুষ বা উৎকোচ গ্রহণ, সরকারি অর্থ-আত্মসাৎ, অপচয় ও চুরি ছাড়াও ক্ষমতার অপব্যবহার, কাজে ফাঁকি দেয়া, স্বজনপ্রীতি, সরকার সুযোগ-সুবিধার অপব্যবহার ইত্যাদির মাধ্যমে প্রশাসনে ব্যাপকহারে দুর্নীতি হয়ে থাকে।
ব্যবসায়ী মহল কর্তৃক মজুদদারির মাধ্যমে দ্রব্যবাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত মুনাফা আদায়, বিভিন্ন অজুহাতে দ্রব্যমূল্য বৃদ্ধি করা, চোরাকারবার, খাদ্যে ভেজাল দেয়া, নকল পণ্য উৎপাদন ও বিক্রয়, ওজনে কম দেয়া, সরকারি রেশনে কারচুপি করা, কর, শুল্ক, খাজনা ইত্যাদি ফাঁকি দেয়াসহ এ ধরনের অর্থনৈতিক দুর্নীতি বর্তমানে বাংলাদেশকে গ্রাস করে ফেলছে। পরীক্ষায় ব্যাপক নকল, শিক্ষাপ্রতিষ্ঠানের অর্থ-আত্মসাৎ, শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে অতিরিক্ত অর্থ আদায়, ক্লাসে ভালোভাবে না পড়িয়ে প্রাইভেট টিউশনি ও কোচিং সেন্টারে পাঠদান, নিয়মিত ক্লাসে না আসা, দলীয়ভিত্তিতে অযোগ্য লোকদের বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ দেয়াসহ এ ধরনের অসংখ্য দুর্নীতির কারণে বর্তমানে বাংলাদেশে শিক্ষার গুণগত মানের চরম অবনতি ঘটেছে। ফলে প্রয়োজনীয় যোগ্যতাসম্পূর্ণ এবং দক্ষ মানবসম্পদ গড়ে উঠছে না।
বেসরকারি খাতেও দুর্নীতি ছড়িয়ে পড়েছে। শিল্পপ্রতিষ্ঠান গড়ার নামে সরকারি সুবিধা ও ব্যাংক ঋণ নিয়ে সে টাকা বিলাস-বাসন বা অন্য কাজে ব্যবহার এবং বিদেশি ব্যাংকে জমা করা, ব্যাংক ঋণ ইচ্ছাকৃতভাবে পরিশোধ না করা, কর ও শুল্ক ফাঁকি দেয়া, শেয়ার মার্কেট কেলেঙ্কারি ইত্যাদি প্রসঙ্গ উল্লেখ করা যেতে পারে। দুঃখজনক হলেও সত্য যে, ঋণখেলাপি বর্তমানে বাংলাদেশে রাতারাতি ধনী হওয়ার প্রধান হাতিয়ারে পরিণত হয়েছে। রেল মন্ত্রণালয়ে সবচেয়ে বেশি দুর্নীতি হয় বলে মন্তব্য করেছেন রেলপথমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম।
তিনি বলেন, দুর্নীতির কারণে এই খাত এখনও লাভজনক প্রতিষ্ঠান হতে পারেনি। প্রাক্তন ভূমিমন্ত্রীর বিদেশে হাজার হাজার কোটি টাকার সম্পদ নিয়ে নানা প্রশ্ন। তার ব্রিটেনে হাজার হাজার কোটি টাকার সম্পদ আছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর বেরিয়েছে। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নির্বাচনী এলাকার মানুষ হিসেবে তার কাছের মানুষের দ্বারা জমি ক্রয় করে অর্থ পরিশোধ না করে দখলের ভুক্তভোগী আমি নিজেই। সাবেক ১২ মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু হচ্ছে শোনা যাচ্ছে, বিভিন্ন মেয়াদে যারা বিভিন্ন সময়ে মন্ত্রী ছিলেন এবং সরকারের ভেতর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যমতে, সরকারের ৫ মন্ত্রী, ৩৫ এমপি, সাবেক ১০ মন্ত্রী ও ৫০ এমপি, ৪ সিটি মেয়র, ৬ পৌর মেয়র, ঢাকাসহ জেলা-উপজেলা পর্যায়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের শতাধিক, সাবেক ও বর্তমান মিলিয়ে প্রশাসনের শতাধিক বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, অধিদপ্তরের ৩০ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৩০-৪০ সদস্যের দুর্নীতির অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অন্ধকার অধ্যায় হিসেবে বিবেচনা করা হয় বিএনপি নেতৃত্বাধীন ২০০১-০৬ সাল পর্যন্ত চার দলীয় জোট সরকারের আমলকে। সেসময় ক্ষমতার শীর্ষে থাকা ব্যক্তিরা দুর্নীতির মাধ্যমে আয় করা টাকার ভাগ নিতেন। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তার দুই পুত্র তারেক রহমান ও আরাফাত রহমান কোকো’র দুর্নীতির অভিযোগ প্রমাণিত।
পরিশেষে বলা চলে, বর্তমানে আমাদের দেশের সবচেয়ে রাষ্ট্র, সমাজের সম্মানিত ও গুরুত্বপূর্ণ পদের যেসব ব্যক্তিরা দুর্নীতিগ্রস্ত তাদেও বিচারের আওতায় আনুন। কারন সামাজিক দুবৃত্তায়ণ বন্ধ না হলে দেশের উন্নয়ণ অর্থবহ হবে না । আমাদেও দেশে দুর্নীতির যেভাবে প্রাতিষ্ঠানিকীকরণ হয়েছে সেটা এখনই নির্মূল না করলে আমাদের যত অর্জন সব নিরর্থক হয়ে যাবে। তাই ব্যবস্থা নিতে হবে এখনই।
লেখক: কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক।
মানবকণ্ঠ/আরএইচটি

