বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, পার্শ্ববর্তী দেশ শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দিলে ১৮ কোটি মানুষ তা মেনে নেবে। কিন্তু শহীদদের রক্তের দাগ মানুষ ভুলে যায়নি। এই জাতি সব সময় অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে জেগে উঠেছে।
সোমবার (৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জিয়া পরিষদের উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে বন্দি করে রাখা হয়েছিল। তখন প্রতিবাদ করলে তৎকালীন আইনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলতেন, আদালত তার গতিতে চলে, আইন তার গতিতে চলে। এখন শেখ হাসিনা কেন বিদেশের কাছে ধরনা দিচ্ছেন? আদালত তো তার গতিতেই চলবে।
রিজভী বলেন, শেখ হাসিনা দেশে ফিরে আবারও ফ্যাসিবাদী শাসন চালানোর স্বপ্ন দেখছেন। মানুষের ওপর নির্যাতন চালিয়ে নিজের রাজত্ব ও রাজসিংহাসন ফিরে পাওয়ার কল্পনা করছেন তিনি।
৭ নভেম্বরের চেতনার প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা বলেন, এই চেতনা হচ্ছে জেগে ওঠার, অধিকার রক্ষার এবং অহংকারী, অত্যাচারী ও লুটেরাদের পতনের চেতনা। দেশে যখন গণতন্ত্র থাকে না, মানুষ কথা বলতে, মিছিল করতে কিংবা সমাবেশ করতে ভয় পায়, তখন ৭ নভেম্বরের চেতনা মানুষকে উদ্বুদ্ধ করে।
তিনি বলেন, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানেও ৭ নভেম্বরের চেতনা মানুষকে প্রেরণা জুগিয়েছে। ভবিষ্যতেও যে কোনো ফ্যাসিবাদ মোকাবিলায় এই চেতনায় মানুষ উদ্দীপ্ত হবে।
বিএইচ

