কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট ইসলামিক বক্তা মুফতি আমির হামজার নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিতর্কিত ফোনালাপের অডিওতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের কোনো প্রমাণ পাওয়া যায়নি। একাধিক নির্ভরযোগ্য অনলাইন টুলের মাধ্যমে অডিওটি প্রযুক্তিগতভাবে পরীক্ষা করে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান \'দ্য ডিসেন্ট\'।
মঙ্গলবার (১০ নভেম্বর) প্রকাশিত দ্য ডিসেন্টের এক বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, আমির হামজার নামে প্রচারিত অডিওগুলোর সত্যতা নিশ্চিত করতে প্রযুক্তিগত পরীক্ষার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তি ও ঘটনার প্রেক্ষাপট সংগ্রহের চেষ্টা করা হয়েছে। তবে আমির হামজা বা তাঁর ঘনিষ্ঠদের সাথে সরাসরি যোগাযোগ করা সম্ভব না হওয়ায় কথোপকথনটি কার সাথে এবং কোন পরিস্থিতিতে হয়েছে, তা চূড়ান্তভাবে নিশ্চিত করা যায়নি।
এর আগে গত ৬ নভেম্বর প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে আমির হামজার কথিত একটি কথোপকথনের অডিও ও ভিডিও থাকার দাবি করে জানান, ফ্যাক্টচেক করে তিনি এসব তথ্যের সত্যতা পেয়েছেন।
ফাঁস হওয়া অডিওতে এক ব্যক্তিকে (আমির হামজার সদৃশ কণ্ঠ) অনুশোচনা প্রকাশ করে ক্ষমা চাইতে শোনা যায়। অডিওর একপর্যায়ে তাঁকে বলতে শোনা যায়, “আপনাদের ওপর আমার কোনো রাগ, ক্ষোভ, অভিমান, মানে কিছুই নেই। ওটুকু আমার শয়তানের ধোঁকায় হোক, নফসের জালে হোক, হয়ে যাওয়ার পরে আমি নিজেই অনুতপ্ত... আপনারা বললেন যে কন্ট্রোলে আছে, কিছু হবে না আমার দ্বারা, আপনার কোনো ক্ষতি হবে না। এই যে এখন কি, কোন জায়গায় যেয়ে ঠেকবে ঠিক নাই।”
অন্যদিকে, গত ৬ নভেম্বর বগুড়ার নুনগোলা ইউনিয়নের একটি ওয়াজ মাহফিলে বক্তব্য প্রদানকালে আমির হামজা নিজের সম্মানহানির তীব্র প্রতিবাদ জানান। তবে ওই মাহফিলে তিনি অডিওটি সরাসরি এআই দিয়ে তৈরি বলে দাবি করেননি; বরং ঘটনার পেছনে ইন্ধনদাতাদের দায়ী করে ক্ষোভ প্রকাশ করেন। পরবর্তীতে তাঁর ওই বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু গোষ্ঠী অডিওটি \'এআই জেনারেটেড\' বলে প্রচার করতে শুরু করে। দ্য ডিসেন্ট স্পষ্ট করেছে যে, অনলাইন টুলগুলো অডিওতে এআই প্রযুক্তির ব্যবহার খুঁজে না পেলেও এটি অডিওটির প্রকৃত উৎস নিশ্চিত করার জন্য যথেষ্ট নয়।
এদিকে কথিত অডিওটি ফেসবুকে প্রকাশের পর থেকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক নেতিবাচক ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা শুরু হয়েছে।
দ্য ডিসেন্টের অনুসন্ধানে দেখা গেছে, মাত্র চার দিনের ব্যবধানে রাশেদ খাঁনকে কেন্দ্র করে অন্তত ১১৮টি নেতিবাচক ভিডিও ছড়ানো হয়েছে। এসব ভিডিওতে রাশেদ খাঁনকে বিকৃত নামে সম্বোধন, ব্যক্তিগত ও পারিবারিক আক্রমণ, ধর্মবিরোধী আখ্যা দেওয়া এবং এআই দিয়ে তৈরি আপত্তিকর ছবি ও ভুয়া অডিও যুক্ত করে সাইবার বুলিং করা হচ্ছে।
ডিআর

