সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ১৬ বছর বয়সি এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের গুরুতর অভিযোগ উঠেছে এক ইমামের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে উপজেলার বটেরতল গ্রামে ইমামের নিজ বাড়িতে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ইমাম গা ঢাকা দিয়েছেন।
অভিযুক্ত ওই ইমামের নাম হাফেজ মুফতি নোমান বিন রব্বানী (৩৫)। তিনি কোম্পানীগঞ্জের বটেরতল গ্রামের বাসিন্দা এবং শহীদ স্মৃতি টুকেরবাজার উচ্চ বিদ্যালয় ও কলেজ জামে মসজিদের ইমাম। এছাড়া তিনি দারুল আরক্বাম ইবতেদায়ী মাদরাসা কোম্পানীগঞ্জের প্রধান শিক্ষক, উপজেলা শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের সভাপতি, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সেক্রেটারি এবং হেফাজতে ইসলামের উপজেলার সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
ভুক্তভোগী মাদ্রাসাছাত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় মসজিদে যাওয়ার পর হুজুর তাকে মাথা টিপে দিতে বলেন। এরপর তাকে এশার নামাজ পড়াতে বলা হয়। নামাজ শেষে হুজুর তাকে রাতে নিজের বাড়িতে দাওয়াত খাওয়ার কথা বলে ডেকে নেন। রাতে হুজুরের বাড়িতে এক ঘরে তারা দুজনে এবং অন্য ঘরে হুজুরের স্ত্রী ঘুমাচ্ছিলেন।
ভুক্তভোগী আরও জানায়, রাতে পেটে ব্যথা করছে জানিয়ে হুজুর তাকে মালিশ করতে বলেন। মালিশ করার একপর্যায়ে তাকে বলাৎকার করা হয় এবং বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দেওয়া হয়। পরদিন ভোরে হুজুর তাকে মোটরসাইকেলে করে মসজিদে নিয়ে আসেন এবং গোসল না করেই ফজরের নামাজ পড়ান। নামাজ শেষেও তাকে দিয়ে পা টিপান ওই শিক্ষক। পরে বাড়িতে ফিরে ছাত্রটি তার মায়ের কাছে পুরো ঘটনা খুলে বলে। ভুক্তভোগীর মা এই ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
শহীদ স্মৃতি টুকেরবাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হাশেম জানান, বিষয়টি ভুক্তভোগী তাকে জানিয়েছে এবং তিনি সভাপতিকে অবহিত করেছেন। নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ উছমান গনি জানান, তারা বিষয়টি নিয়ে খোঁজখবর নিচ্ছেন এবং সুনির্দিষ্ট অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডিআর

