সিরাজগঞ্জের রায়গঞ্জে দৃষ্টিপ্রতিবন্ধী বিধবা আয়েশা খাতুনের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে মানবিক সংগঠন ‘সুখ পাখি’। দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে মানবেতর জীবনযাপন করা এই পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে দেওয়া হয়েছে দুটি ছাগল, দুই বস্তা চাল ও চারটি মুরগি।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে আমেরিকাপ্রবাসী এক ব্যক্তির অর্থায়নে ‘আলোর জন্য জাকাত তহবিল’ প্রকল্পের আওতায় এই সহায়তা সামগ্রী হস্তান্তর করা হয়। মানবিক সংগঠন সুখ পাখির প্রতিষ্ঠাতা শেখ রজব এসব সহায়তা গণমাধ্যমকর্মী সাইদুল ইসলাম আবিরের কাছে পৌঁছে দেন। পরবর্তীতে তিনি তা আনুষ্ঠানিকভাবে আয়েশা খাতুনের পরিবারের হাতে তুলে দেন।
এর আগে দৃষ্টিপ্রতিবন্ধী আয়েশা খাতুন ও তাঁর ১৩ বছর বয়সী শারীরিক ও বাক্প্রতিবন্ধী মেয়ে আকলিমার চরম আর্থিক দুর্দশা এবং মানবেতর জীবনযাপন নিয়ে দৈনিক মানবকণ্ঠে একটি সচিত্র সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পর বিষয়টি নজরে আসে এবং স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। স্বামীর মৃত্যুর পর তিন সন্তানকে নিয়ে অনাহারে-অর্ধাহারে দিন কাটানো পরিবারটির পাশে এসে দাঁড়ায় সংগঠনটি।
সহায়তা হিসেবে খাদ্যসামগ্রীর পাশাপাশি গৃহপালিত ছাগল ও মুরগি পেয়ে আয়েশা খাতুনের পরিবারে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে। এগুলো পালনের মাধ্যমে পরিবারটির জন্য স্থায়ী আয়ের একটি পথ তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
মানবিক সংগঠন সুখ পাখির প্রতিষ্ঠাতা শেখ রজব জানান, সমাজের সুবিধাভোগী ও সামর্থ্যবান মানুষ এগিয়ে এলে এমন বহু পরিবার নতুন করে বেঁচে থাকার সাহস পাবে। অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই তাঁদের সংগঠনের মূল লক্ষ্য।
উল্লেখ্য, সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার বেতুয়া এলাকার বাসিন্দা আয়েশা খাতুনের স্বামী প্রায় দুই বছর আগে মারা যান। এরপর থেকে সামান্য প্রতিবন্ধী ভাতা ও মানুষের সাহায্যের ওপর নির্ভর করেই অত্যন্ত কষ্টে দিন পার করছিলেন তিনি।

