শীতের আগমনী বার্তার সঙ্গে সঙ্গে দিনাজপুরের গ্রামাঞ্চলে শুরু হয়েছে খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরির প্রস্তুতি। কুয়াশাচ্ছন্ন ভোরে খেজুরগাছ থেকে রস সংগ্রহ এবং সেই রস জ্বাল দিয়ে সুস্বাদু গুড়, পাটালি ও লালি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। শীতের আগমনে গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ কর্মযজ্ঞে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।
দিনাজপুর সদর, বিরল, ফুলবাড়ী, নবাবগঞ্জ, বোচাগঞ্জসহ জেলার ১৩টি উপজেলায় খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরির কাজে ব্যস্ত রয়েছেন গাছিরা।
জেলার সদর উপজেলার দক্ষিণ কোতয়ালী এলাকার বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, রাস্তার দুই পাশে সারি সারি খেজুরগাছে ঝুলছে মাটির হাঁড়ি। ভোরের আলো ফোটার আগেই গাছিরা গাছ থেকে রস ভর্তি হাঁড়ি নামিয়ে আনছেন। পরে মাটির তৈরি চুলায় বড় কড়াই বসিয়ে সেই রস জ্বাল দেওয়া হচ্ছে। কয়েক ঘণ্টার পরিশ্রমে তৈরি হচ্ছে সুস্বাদু খেজুরের গুড়, পাটালি ও লালি। উৎপাদিত গুড় স্থানীয় বাজারে বিক্রির জন্য পাঠানো হচ্ছে।
শীতের আগমনে গ্রামাঞ্চলের ঘরে ঘরে খেজুরের রস ও গুড় দিয়ে পিঠা-পায়েসসহ নানা ধরনের মুখরোচক খাবার তৈরির আয়োজন শুরু হয়েছে। বাজারে খেজুরের গুড়ের দাম চিনির তুলনায় বেশি হলেও এর স্বতন্ত্র স্বাদ ও ঘ্রাণের কারণে ক্রেতাদের কাছে রয়েছে ব্যাপক চাহিদা।
সদর উপজেলার মুরাদপুর এলাকায় খেজুরের গুড় তৈরিতে ব্যস্ত গাছি রহমত আলী জানান, তাঁরা ছয়জন রাজশাহী জেলার বাঘমারা উপজেলার বাসিন্দা। গত পাঁচ বছর ধরে শীত মৌসুমে দিনাজপুরে এসে খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরির কাজ করছেন। প্রতিবছর স্থানীয় গাছমালিকদের কাছ থেকে চুক্তিতে খেজুরগাছ নিয়ে তাঁরা রস সংগ্রহ করেন এবং তা থেকে গুড় তৈরি করেন।
তিনি বলেন, এ বছর তাঁরা ২৪০টি খেজুরগাছ থেকে রস সংগ্রহ করছেন। বাপ-দাদার কাছ থেকেই খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরির কাজ শিখেছেন। দেশের বিভিন্ন জেলায় গিয়ে বছরের চার থেকে পাঁচ মাস এ পেশায় নিয়োজিত থাকেন। বাকি সময় নিজ এলাকায় কৃষিকাজ ও ছোটখাটো ব্যবসা করেন। খেজুরের গুড় তৈরি করাই তাঁদের প্রধান মৌসুমি ব্যবসা।
রহমত আলী আরও জানান, একটি খেজুরগাছ থেকে মৌসুমের শুরুতে প্রতিদিন দুই থেকে আড়াই কেজি রস পাওয়া যায়। পরে তা বেড়ে তিন থেকে চার কেজি পর্যন্ত হতে পারে। বর্তমানে মৌসুমের শুরুতে প্রতিদিন ২৫ থেকে ৩০ কেজি গুড় উৎপাদন হচ্ছে। রসের পরিমাণ বাড়লে প্রতিদিন এক থেকে দুই মণ পর্যন্ত গুড় তৈরি করা সম্ভব হবে। বর্তমানে প্রতি কেজি গুড় পাইকারি ২৩৫ টাকা এবং খুচরা ২৫০ টাকা দরে বিক্রি করছেন তাঁরা।
স্থানীয় ক্রেতা আরিফুল ইসলাম বলেন, কার্তিক মাস থেকেই শীতের আমেজ শুরু হয়েছে। শীতের পিঠা-পায়েসে খেজুরের রস ও গুড়ের স্বাদ এবং ঘ্রাণ অতুলনীয়। গাছিরা নিজেরাই সবার সামনে রস সংগ্রহ করে গুড় তৈরি করছেন। তাই তাঁদের কাছ থেকে সরাসরি তৈরি গুড় কিনতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি।
দিনাজপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাসুদ তুষার জানান, গাছিদের পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশে গুড় তৈরির বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুযায়ী তাঁরা গুড় উৎপাদন করছেন।
শীত মৌসুমকে ঘিরে খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরির এই কর্মযজ্ঞ একদিকে যেমন গাছিদের মৌসুমি কর্মসংস্থান ও আয়ের সুযোগ সৃষ্টি করছে, অন্যদিকে তেমনি ফিরিয়ে আনছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী শীতের আমেজ। খেজুরের রস ও গুড়ের স্বাদে মুখর হয়ে উঠছে দিনাজপুরের গ্রামীণ জনপদ।
এসএ

