গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের উপর হামলার ঘটনায় তার মাথায় গুরুতর আঘাত ও নাকের হাড় ভেঙে যাওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উচ্চপর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, নুরুল হকের মাথায় আঘাত ও নাকের হাড় ভাঙার কারণে গতকাল অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল। রক্তক্ষরণ বন্ধ হলেও এবং জ্ঞান ফিরলেও, ৪৮ ঘণ্টার আগে তাকে আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না। শুক্রবার রাতে তার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, যারা আজ সকালে চিকিৎসার বিষয়ে আলোচনায় বসবে।
শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের মিছিলের সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। গণঅধিকার পরিষদের দাবি, জাতীয় পার্টির নেতাকর্মীরা তাদের মিছিলে হামলা চালায়।
অপরদিকে, জাতীয় পার্টির অভিযোগ, গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা তাদের কার্যালয়ে হামলা করে। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় নুরুল হকসহ শতাধিক নেতাকর্মী আহত হন। নুরসহ ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, জাতীয় পার্টির হামলার প্রতিবাদে রাত সাড়ে ৯টায় সংবাদ সম্মেলনের প্রস্তুতির সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের ওপর হামলা চালায়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, উভয় পক্ষকে শান্ত থাকার অনুরোধ উপেক্ষা করে কিছু নেতাকর্মী মশাল মিছিল, ইটপাটকেল নিক্ষেপ ও স্থাপনায় আগুন দেওয়ার চেষ্টা করে। জননিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলপ্রয়োগে বাধ্য হয়। এ ঘটনায় সেনাবাহিনীর পাঁচজন সদস্যও আহত হয়েছেন।




Comments