স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। এ ঘটনায় আহত হয়েছেন ১২০ জনের বেশি। মর্মান্তিক এই দুর্ঘটনার পর দেশজুড়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
রোববার রাতে মালাগা থেকে মাদ্রিদগামী ‘ইরিও’ কোম্পানির একটি হাইস্পিড ট্রেন লাইনচ্যুত হয়ে বিপরীত দিক থেকে আসা রাষ্ট্রীয় রেল সংস্থা রেনফের আরেকটি ট্রেনের সঙ্গে সংঘর্ষে পড়ে। এতে উভয় ট্রেনই লাইনচ্যুত হয়। এটি ২০১৩ সালের পর স্পেনের সবচেয়ে বড় ট্রেন দুর্ঘটনা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, “আজ পুরো স্পেনের জন্য শোকের দিন। আমরা দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করব এবং তা স্বচ্ছভাবে জনগণের সামনে তুলে ধরব।”
আন্দালুসিয়ার আঞ্চলিক সরকারের প্রধান হুয়ান ম্যানুয়েল মোরেনো জানান, নিহতের সংখ্যা ৩৯ থেকে বেড়ে ৪০ হয়েছে। তবে উদ্ধারকাজ এখনো চলমান থাকায় চূড়ান্ত মৃত্যুসংখ্যা নিশ্চিত করতে আরও ২৪ থেকে ৪৮ ঘণ্টা সময় লাগতে পারে। দুর্ঘটনাস্থলে ভারী যন্ত্রপাতি দিয়ে ক্ষতিগ্রস্ত বগি সরিয়ে উদ্ধারকর্মীরা ভেতরে তল্লাশি চালাচ্ছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাটি কোনো বাঁকে নয়, বরং সোজা লাইনে ঘটেছে এবং উভয় ট্রেনই নির্ধারিত গতিসীমার মধ্যেই চলছিল। স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে একে ‘অত্যন্ত অস্বাভাবিক’ দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। তার ভাষ্য অনুযায়ী, ট্রেনটি ছিল প্রায় নতুন এবং রেললাইন সম্প্রতি সংস্কার করা হয়েছিল।
‘ইরিও’ কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার মাত্র তিন দিন আগে ট্রেনটি পরীক্ষা করা হয়েছিল। দুর্ঘটনার সময় ইরিও ট্রেনে প্রায় ৩০০ যাত্রী এবং রেনফের ট্রেনে ১৮৪ জন যাত্রী ছিলেন। রেনফের প্রেসিডেন্ট আলভারো ফার্নান্দেজ হেরেদিয়া বলেন, মানুষের ভুল বা অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা ঘটেনি।
দুর্ঘটনায় বেঁচে যাওয়া যাত্রী লুকাস মেরিয়াকো বলেন, “এটা যেন এক ভয়াবহ সিনেমা। প্রচণ্ড ধাক্কায় মনে হচ্ছিল পুরো ট্রেনটাই ভেঙে পড়বে।”
এদিকে স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে সহায়তার জন্য পানি, কম্বলসহ প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে এগিয়ে এসেছেন। পোপ লিও চতুর্দশ এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এই দুর্ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
সূত্র : এএফপি
মানবকণ্ঠ/আরআই

