Image description

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে অবস্থানরত বাংলাদেশ শিপিং করপোরেশন-বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ থেকে পাঠানো ভিডিও বার্তায় ক্যাপ্টেন জানিয়েছেন, ‘আমরা আল্লাহর ওপর ভরসা করে ধৈর্য ও পেশাগত দক্ষতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছি। প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সময়োপযোগী নির্দেশনায় আমাদের মনোবল দৃঢ় আছে। ইনশাআল্লাহ, দ্রুত এ সংকট কাটিয়ে উঠব।’

সোমবার বিএসসির কাছে পাঠানো ভিডিও বার্তায় জাহাজটির ক্যাপ্টেন এ কথা জানান। 

তিনি ভিডিও বার্তায় আরও জানান, নৌ পরিবহনমন্ত্রী, নৌ পরিবহন সচিব এবং সংস্থার ব্যবস্থাপনা পরিচালক কমডোর মালেকের নেতৃত্ব ও সার্বিক সহযোগিতা জাহাজের নাবিকদের সাহস জুগিয়েছে। 

জানা গেছে, গত শুক্রবার কাতার থেকে ৩৮ হাজার ৮০০ টন স্টিল কয়েল নিয়ে ৩১ জন নাবিকসহ জেবেল আলী বন্দরে নোঙর করে জাহাজটি। খালাস প্রক্রিয়া চলাকালে জাহাজ থেকে মাত্র ৫০০-৬০০ গজ দূরে একটি তেলের ট্যাংকে ড্রোন হামলার ঘটনা ঘটে। এতে নাবিকদের মধ্যে সাময়িক উদ্বেগ ও শঙ্কা ছড়িয়ে পড়ে। 

উল্লেখ্য, ২০১৮ সালে বিএসসির বহরে যুক্ত হয় বাল্ক ক্যারিয়ার ‘এমভি বাংলার জয়যাত্রা’। ওই বছরের ২৭ জুলাই ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন-সিএমসি জাহাজটি আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেয়। চীন সরকারের সঙ্গে যৌথ অর্থায়নে জাহাজটি কেনা হয়েছিল।