ওয়াশিংটন যখন ইরানের সঙ্গে সংঘাত বাড়াচ্ছে, তখন যুক্তরাষ্ট্রের আকাশসীমার কাছে চক্কর দিয়েছে রাশিয়ার দুটি পারমাণবিক সক্ষমতার উড়োজাহাজ। টু-১৪২ নামের উড়োজাহাজ দুটি গতকাল উত্তর আমেরিকার আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে (এডিআইজেড) প্রবেশ করে।
উত্তর আমেরিকার আকাশ প্রতিরক্ষা কমান্ড (নোরাড) জানিয়েছে, আলাস্কা ও কানাডার কাছে দুটি টু–১৪২ উড়োজাহাজকে তারা শনাক্ত করে এবং নজরদারিতে রাখে। এই উড়োজাহাজগুলো আন্তর্জাতিক আকাশসীমাতেই ছিল। এ ধরনের উড্ডয়ন চলমান আকাশ প্রতিরক্ষা কার্যক্রমের অংশ।
তবে এবার ঘটনাটি আলোচিত হচ্ছে, কারণ, বৈশ্বিক ভূরাজনৈতিক উত্তেজনার সময়েই এই ঘটনা ঘটেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে। ফলে উত্তর আমেরিকার মূল ভূখণ্ডের কাছে রাশিয়ার সামরিক তৎপরতা নতুন করে নজর কাড়ছে।
আর্কটিক অঞ্চল যুক্তরাষ্ট্র ও রাশিয়া-দুই দেশের কাছেই কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গতকাল রুশ উড়োজাহাজ দুটিকে চোখে চোখে রাখতে যুক্তরাষ্ট্র থেকে আকাশে ওড়ে দুটি এফ–৩৫, দুটি এফ–২২, চারটি কেসি–১৩৫ জ্বালানি সরবরাহকারী উড়োজাহাজ, একটি ই–৩ সতর্কীকরণ উড়োজাহাজ এবং কানাডা থেকে যায় দুটি সিএফ–১৮ এবং একটি সিসি–১৫০ জ্বালানি সরবরাহকারী উড়োজাহাজ।
নোরাড বলছে, পুরো সময় জুড়েই উড়োজাহাজগুলোকে নজরদারিতে রাখা হয়। উড়োজাহাজগুলো আন্তর্জাতিক আকাশসীমাতেই ছিল জানিয়ে তারা বলছে, রুশ উড়োজাহাজ দুটি যুক্তরাষ্ট্র বা কানাডার সার্বভৌম আকাশসীমায় প্রবেশ করেনি।




Comments