Image description

মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের ঘনঘটা এবং বেইজিংয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সফর। এই দুই বিপরীতমুখী সমীকরণের সামনে দাঁড়িয়ে এখন ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। একদিকে ইরান ও আমেরিকার মধ্যে দীর্ঘ যুদ্ধবিরতি ভেঙে বড় ধরনের সামরিক অভিযান শুরু হওয়ার উপক্রম হয়েছে, অন্যদিকে আগামী সপ্তাহে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের বৈঠক এই সংঘাতের সিদ্ধান্তকে এক জটিল কূটনৈতিক পরিস্থিতির মুখে ঠেলে দিয়েছে। 

হোয়াইট হাউস সূত্র ও বিশ্লেষকদের মতে, চীনের সাথে দ্বিপাক্ষিক আলোচনা এবং ইরানের সাথে সামরিক সংঘাত, এই দুটির মধ্যে ভারসাম্য রক্ষা করা এখন ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় চ্যালেঞ্জ।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাতের কারণে প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর পূর্বনির্ধারিত এপ্রিল মাসের চীন সফর স্থগিত করেছিলেন। 

অন্যদিকে, চীন শুরু থেকেই হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার আহ্বান জানিয়ে আসছে। কারণ, চীনের জ্বালানি চাহিদার একটি বিশাল অংশ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে আসা আমদানির ওপর নির্ভরশীল।

কূটনৈতিক বিশ্লেষকদের ধারণা, মধ্যপ্রাচ্যে সংঘাত যদি অমীমাংসিত বা চরম উত্তপ্ত অবস্থায় থাকে, তবে বেইজিংয়ে চীনা নেতা শি জিনপিংয়ের সাথে আলোচনায় ট্রাম্পের অবস্থান কিছুটা দুর্বল হয়ে পড়তে পারে। একটি অস্থিতিশীল যুদ্ধকালীন পরিস্থিতিতে বড় কোনো চুক্তিতে পৌঁছানো ট্রাম্পের জন্য কঠিন হতে পারে।

সোমবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এই বিষয়ে আলোকপাত করেন। তিনি বর্তমানে ট্রাম্পের সফরের আগে চীনের সাথে প্রাথমিক আলোচনার নেতৃত্ব দিচ্ছেন। 

বেসেন্ট বলেন, “হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দিতে ইরানকে রাজি করাতে বেইজিং আরও অনেক কিছু করতে পারে।” 

তিনি আরও যোগ করেন, “দেখা যাক চীন তার কূটনৈতিক তৎপরতা চালিয়ে ইরানকে এই প্রণালীটি খুলে দিতে রাজি করাতে পারে কি না।”
এখন সবার নজর আগামী সপ্তাহের দিকে। 

প্রেসিডেন্ট ট্রাম্প বেইজিংয়ে পৌঁছানোর আগেই ইরানের বিরুদ্ধে কোনো কঠোর সামরিক পদক্ষেপ নেবেন, নাকি চীনের মধ্যস্থতায় কোনো কূটনৈতিক সমাধানের সুযোগ দেবেন, সেটিই এখন দেখার বিষয়।

আগামী ১৪ মে ২০২৬ বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের একটি গুরুত্বপূর্ণ শীর্ষ বৈঠক হওয়ার কথা রয়েছে। এটি ট্রাম্পের বর্তমান মেয়াদে চীনের প্রথম সফর এবং মধ্যপ্রাচ্য সংকট শুরুর পর তার প্রথম বিদেশ সফর হতে যাচ্ছে।

সূত্র: সিএনএন