Image description

মিসরের দাকাহলিয়া গভর্নরেট-এ ইফতারসামগ্রী বিতরণ করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক উদীয়মান ফুটবলার। নিহত মোতাসেম জাকারিয়া মানসুরা ওয়ার্কার্স ক্লাব-এর যুবদলের অধিনায়ক ছিলেন। শনিবার স্থানীয় সময় মাগরিবের আজানের কিছু আগে তিনি সড়কে পথচারী ও যাত্রীদের মাঝে ইফতারসামগ্রী ও খেজুর বিতরণ করছিলেন।

এ সময় একটি দুর্ঘটনায় গুরুতর আহত হন জাকারিয়া। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা যায়, পবিত্র রমজান মাসে তিনি নিয়মিত স্বেচ্ছাসেবী কার্যক্রমে অংশ নিতেন এবং সমাজসেবামূলক কাজে সক্রিয় ছিলেন। তার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মিসরীয় ফুটবল অ্যাসোসিয়েশন-এর সভাপতি হানি আবু রিদা। এক শোকবার্তায় তিনি এ ঘটনাকে দেশের ফুটবলের জন্য অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেন।

ক্লাবের যুব একাডেমির কোচ ও কর্মকর্তারা জানান, ২০১১ সালে জন্ম নেওয়া জাকারিয়া অল্প বয়সেই অসাধারণ প্রতিভা ও নেতৃত্বগুণের পরিচয় দিয়েছিলেন। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি মানবিক গুণাবলি ও ভদ্র আচরণের জন্যও তিনি সবার কাছে প্রিয় ছিলেন। সংশ্লিষ্টদের মতে, তার সামনে ছিল সম্ভাবনাময় এক উজ্জ্বল ভবিষ্যৎ।

এই মর্মান্তিক দুর্ঘটনায় মিসরের ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

মানবকণ্ঠ/আরআই