Image description

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। প্রথম ম্যাচে দাপুটে জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা লিটন দাসের দলের সামনে আজই সিরিজ নিশ্চিত করার সুযোগ। কিন্তু মাঠের লড়াই শুরুর আগে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে চট্টগ্রামের আকাশ।

নির্ধারিত সূচি অনুযায়ী আজ বুধবার (২৯ এপ্রিল) দুপুর দুইটায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। তবে সকাল থেকেই আকাশ গুমোট হয়ে আছে এবং বর্তমানে স্টেডিয়াম এলাকায় বৃষ্টি ঝরছে। মেঘের কারণে চারপাশ বেশ অন্ধকার হয়ে থাকায় সময়মতো টস হওয়া এবং খেলা শুরু নিয়ে বড় ধরনের সংশয় তৈরি হয়েছে।

সিরিজের প্রথম ম্যাচে রেকর্ড ১৮৩ রান তাড়া করে ইতিহাস গড়ে জয় পায় টাইগাররা। টপ অর্ডারে তানজিদ হাসান ও সাইফ হাসান দ্রুত ফিরে গেলেও মিডল অর্ডারে তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন ইমন এবং শামীম হোসেনের ঝোড়ো ব্যাটিংয়ে ম্যাচটি সহজ করে ফেলে বাংলাদেশ। ব্যাটিংয়ে বড় আত্মবিশ্বাস থাকলেও বোলিং বিভাগে কিউই ব্যাটারদের ওপর চাপ বজায় রাখতে কিছুটা হিমশিম খেতে হয়েছে স্বাগতিকদের, যা নিয়ে টিম ম্যানেজমেন্টের কপালে কিছুটা চিন্তার ভাঁজ রয়েছে।

অন্যদিকে, সিরিজে টিকে থাকতে এই ম্যাচটি নিউজিল্যান্ডের জন্য বাঁচা-মরার লড়াই। আজ হারলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ হারাবে কিউইরা। তাই পূর্ণ শক্তি দিয়ে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় ছিল তারা। এখন ক্রিকেটপ্রেমীদের সব নজর চট্টগ্রামের প্রকৃতির ওপর; বৃষ্টি থামলে তবেই মাঠের লড়াই শুরু হবে।

মানবকণ্ঠ/আরআই